ঢাকা অফিস ।।
হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন দেশের চার বিশিষ্ট নাগরিক। তারা দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। বিশিষ্ট চার নাগরিক হলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, বঙ্গবন্ধুর প্রেস সচিব ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও জনপ্রিয় কবি হেলাল হাফিজ।
জানা গেছে, কয়েক মাস আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে তিনি অসুস্থ। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এরপর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বুধবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে তাকে যশোরে নেওয়া হয়। সেখান থেকে গাড়িতে বেনাপোল হয়ে সড়কপথে কলকাতা যাবেন। আর কলকাতা থেকে বিমানযোগে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মো. তৌফিকুল ইসলাম।
একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, বঙ্গবন্ধুর প্রেস সচিব ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সিসিইউতে চিকিৎসাধীন। গত রবিবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। গত বছর নভেম্বর মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনামুক্ত হলেও তিনি করোনা-পরবর্তী নানা জটিলতায় ভুগছেন।
এক মাস ধরে অসুস্থ প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। করোনার কারণে হাসপাতালে না নিয়ে বাসায় রেখেই চলছে তার চিকিৎসা। হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আগে থেকেই তার হার্টে সমস্যা, ডায়াবেটিসও রয়েছে। বর্তমানে তিনি বেশি ভুগছেন হাইপোন্যাট্রিমিয়ায়। এটা হচ্ছে শরীরে লবণের ঘাটতি। তিনি একেবারে নিস্তেজ হয়ে গেছেন। চিন্তাশক্তিও কমে গেছে। খুব বেশি কথা বলতে পারছেন না। কাউকে সেভাবে চিনছেনও না। লবণের ঘাটতি পূরণের জন্য তাকে স্যালাইন দেওয়া হয়েছে, লবণের ট্যাবলেট দেওয়া হয়েছে। এছাড়া বাসাতেই তার ইসিজি করানো হয়েছে। তিনি একবার পড়ে গিয়েছিলেন। সেখানে এক্স–রে করানো হয়েছে। সেখানে হালকা ফ্যাকচার ধরা পড়েছে। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া কঠিন। তাই চিকিৎসা বাড়িতেই চলছে। তিনি তার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
গ্লুকোমাসহ শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন কবি হেলাল হাফিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয় বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসান হাফিজ জানান।
হাসান হাফিজ বলেন, ‘দীর্ঘদিন ধরে হেলাল হাফিজ গ্লুকোমায় আক্রান্ত। পাশাপাশি কিডনির জটিলতা, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল সমস্যাও রয়েছে। কয়েক সপ্তাহ আগে তার কোভিড টেস্ট করা হয়েছিল। তখন রিপোর্ট নেগেটিভ আসে। এর মধ্যেই সম্প্রতি শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আজকে সার্বিক বিষয় পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে।’
৭৩ বছর বয়সী চিরকুমার এই কবির চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন মেজর ডা. আশেকুজ্জামান।











































