ঢাকা অফিস ।।
চিত্রনায়িকা পরীমনি, হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে। ব্যাংকগুলোকে চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে তাদের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।
ব্যাংক হিসাবের তথ্য চাওয়া অন্যরা হলেন গ্রেপ্তার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম রাজ। একই চিঠিতে আরও তিনজনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া এবং ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।
জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে এসব ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। এ ক্ষেত্রে হিসাব খোলার ফরম, শুরু থেকে লেনদেন বিবরণী, কোনো ধরনের সঞ্চয় বা ঋণ হিসাব থাকলে তার স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।











































