স্টাফ রিপোর্টার ।।
জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনায় দেয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে পচাত্তরের ১৫ আগস্টের শহীদদের জীবনী। এছাড়া বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস এবং ঐতিহাসিক মুহূর্ত নিয়ে পৃথক আরেকটি দেয়াল চিত্র তৈরি করা হয়েছে।
নগরীর শিববাড়ি মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের পূর্বপাশে রেলওয়ের দেয়ালে প্রায় পৌনে এক কিলোমিটার এলাকা জুড়ে আঁকা হয়েছে এসব চিত্র। ১৫ আগস্ট শহীদদের নিয়ে নগর যুবলীগের ব্যতিক্রমী দেয়ালচিত্র নজর কাড়ছে মানুষের।
সরেজমিন দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়কের পাশের দেয়ালটি পড়ে ছিল অযত্ন অবহেলায়। সেই দেয়াল রঙ করে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয়েছে রং তুলি ও প্যানাফ্লেক্সের মাধ্যমে। মোট ১৬৮টি ছবির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের পরিচয় তুলে ধরা হয়েছে। পৃথক আরেকটি অংশে তুলে ধরা হয়েছে ১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন ঐতিহাসিক ছবি।
গত বছর প্রথমবার এই উদ্যোগ নিয়েছিল নগর যুবলীগ। ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করেছিলেন সুধীজনেরা। এবার দ্বিতীয়বারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেয়ালচিত্রের উদ্যোক্তা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য ছবি দেখে বর্তমান প্রজন্ম শহীদদের চিনুক, তাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে তাদের আদর্শে নিজেদের গড়ে তুলুক। তিনি আরও বলেন, আমাদের দ্বিতীয় উদ্দেশ্য হলো শোক দিবসে আত্মকেন্দ্রিক প্রচার থেকে বের হয়ে আসা। শহীদদের ছবি ছোট করে দিয়ে নিজের হাসিমুখের ছবি বড় করে প্রচার করার যে অপসংস্কৃতি শুরু হয়েছে, এটা বন্ধ করা।
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন বলেন, যত্রতত্র প্যানা-ফেস্টুন দেওয়ার কারণে পরিবেশ নষ্ট হয়। সেখান থেকে আমরা ফিরে এসেছি। দেয়াল লিখনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরাই প্রধান উদ্দেশ্য। গতবছর থেকে এটা শুরু হয়েছে। তিনি বলেন, রেলওয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যক্তিগত অর্থে এই কাজ করেছি। মানুষের সাড়া দেখে মনে হচ্ছে উদ্দেশ্য সফল হয়েছে।











































