আসাদুজ্জামান ইমন, ঢাকা
মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, এখানে যে সরমা হাইজ ছিল। মূলত সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে খুব সম্ভবত গ্যাস জমেছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশেপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটা বাস বিধ্বস্তের মতো হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজন মারা গেছে বলে খবর পেয়েছি।’ এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিস থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে পুলিশের প্রতিনিধি চাইলে আমরা দেব। তবে এ বিষয়ে এক্সপার্ট ফায়ার সার্ভিস। তারাই তদন্ত করবেন, তারাই মতামত দেবেন। এ ধরনের সরমা হাউজের নিরাপত্তা বিধানে পুলিশের ভূমিকা কী, তদারকির বিষয়টি তো পুলিশের ওপর বর্তায়, এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে এখানে দায় তো আমাদের না। গ্যাসের সংযোগটা বৈধভাবে নেওয়া হয়েছে কি না, গ্যাসের লাইনটা সাইনটিফিক্যালি লিক-প্রুফ ছিল কি না, সেটার এক্সপার্ট তো আমি না। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। তারা এটা দেখভাল করবে। এরপর ব্যবস্থা গ্রহণের সময় যদি বাধা দেওয়া হয়, আমরা দেখব। এটা নাশকতা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা না। নাশকতা হলে বোমা বিস্ফোরণ হতো। সেখানে স্প্লিন্টার পাওয়া যেত। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো। আশাপাশে আপনারা ক্ষতিগ্রস্ত বাস দেখেছেন। বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় বোমার কোনো ঘটনা এখানে নাই। গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে। মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। রোববার (২৭ জুন) রাত ১০টায় তিনি বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোট ১৭ জনকে আমাদের এখানে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পাই। তিনজন ছিলেন দগ্ধ। এর মধ্যে দুজনকে আইসিইউতে, একজনকে এসডিইউতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, দগ্ধ তিনজনের অবস্থা খুবই খারাপ। নাইনটি পারসেন্ট বার্ন। তাদের সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। বাকি আহতরা যারা আছেন, তাদের কারও পা কাটা গেছে, কারও পা ভেঙে গেছে। কী কারণে তারা দগ্ধ হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, সেটা এখন বলা যাচ্ছে না। মগবাজারের এ বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং পাশের ঢাকা কমিউনিটি ক্লিনিক ও আদ্ব-দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩৯ জনকে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটল, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীনরা হলেন- রনি (২৭), জিয়াম (২৫), মাহবুব (৩০), অজ্ঞাত (২৫), লাভলু (৬০), সাজিদ (১৮), মিজান (৪২), ইকবাল (৫০), অজ্ঞাত (২৮), ইলিয়াস (২৬), রফিকুল (৩৫), সোহেল (২৬), জহির খান (২৬), সাজ্জাদ (৩৫), আবু খায়ের (৩৫), সুভাষ (৫৮), কামাল (৪২), অজ্ঞাত (৩২), আসাদ (২৭), মোক্তার (৩৫), রতন (৩০), অজ্ঞাত (৫৫), অজ্ঞাত (৫০), অজ্ঞাত (২৫), শাহজাহান (৪৫), নয়ন (২২), মুসা (৫০), ফজল (২৫), মিজান (২৫), রাকিবুল (৩০), হৃদয় (৩০), অজ্ঞাত (৩০), ইকবাল (৩০), মামুন (৪০), মাসুদ (৫০), শাহিন (৬০), কামাল (৪২), আইয়ুব (২৫), তপন (৩৫), অজ্ঞাত (৫০), কালু (৩৫), শাহ আলম (৫০) ও নাহিদ (২৬)। এর আগে রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথা থেকে বিস্ফোরণ ঘটল তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণে ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। ওই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে আমরা মোট ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। এরও আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছেন গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।
ভবন ধসে যেতে পারে :
মগবাজারের ওয়্যারলেস গেটে বিকট শব্দে ঘটা বড় আকারের বিস্ফোরণের উৎসস্থলের ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযানে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ আশঙ্কার কথা জানান। তিনি জানান, এটি এই মুহূর্তে চরম ঝুঁকিপূর্ণ একটি জায়গা। আমরা নিজেরাও ঝুঁকির মধ্যে কাজ করছি। উৎসুক জনতা যারা আছেন তারা একটু দূরে অবস্থান নিলে ভালো হয়। এই কর্মকর্তা আরও জানান, ওয়ারলেস গেটের কাছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটির নিচতলা অনেকাংশে দেবে গেছে। এই ভবনে থাকা শরমা হাউজসহ কয়েকটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর নিচ তলায় বেঙ্গল মিটের একটি শোরুম ছিল। সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ কী কারণে হয়েছে, আপনাদের ধারণা কী? এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এটি এখনো আমরা কোনোভাবেই ডিটেক্ট করতে পারছি না। তবে ধারণা করছি এটি গ্যাস জমে থাকার কারণে কোনো বিস্ফোরণ হতে পারে। তবে এটি এমন এক বিস্ফোরণ, আমরা এ যাবৎ এমনটা দেখিনি। বাংলাদেশে এটা আর কখনো হয়নি। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় থাকা আল মক্কাসহ ২টি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনায় মোট আহত ৫০ জনের বেশি। মারা গেছেন অন্তত ৬ জন।
শুধু কান্না আর ছুটোছুটি:
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহতদের স্বজনদের ছুটোছুটিতে আর কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কিছুক্ষণ পর পর সাইরেন বাজিয়ে মগবাজার থেকে অ্যাম্বুলেন্স আসছে আহতদের নিয়ে। রোববার (২৭ জুন) রাতে এমন হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে হাসপাতালটিতে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবস্থান করছেন জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান। তিনি জানান, আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স এসে থামতেই স্বজনদের ছুটোছুটি শুরু হচ্ছে। তাদের আহাজারি ও কান্নায় পরিবেশ ভারী হয়ে আছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সৈয়দ আমানত আলী জানিয়েছেন, হাসপাতালটিতে জরুরি বিভাগে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটে অন্তত ১০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সঙ্কটাপন্ন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাইয়াকে চিনতে কষ্ট হচ্ছে:
পুরোদস্তুর সুস্থ ইমরান প্রতিদিন সকালেই বেরিয়ে পড়ে বাসা থেকে। কর্মস্থলে কাজ শেষে প্রায়ই ফেরেন রাত সাড়ে ৭টা-৮টার মধ্যে। কিন্তু গতকাল আর ফিরতে পারেননি ইমরান। নিজ কর্মস্থল বেঙ্গল মিটের ঠিক বিপরীত পাশের ভবনের নিচতলা থেকে সন্ধ্যায় আকস্মিক বিস্ফোরণে পুড়ে গেছে তার পুরো শরীর। আজ তার ঠাঁই হয়েছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে। রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ং শো রুমের ঠিক বিপরীতের একটি ভবনের নিচতলা থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের পর অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩৯ জনকে। একই ঘটনার নির্মম শিকার বেঙ্গল মিটের সেলসম্যান মো. ইমরান হোসেন। ঢামেক বার্ন ইউনিটের সামনে থেকে কথা হয় বোন আইরিনের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, মগবাজারের বেঙ্গল মিটে দুই বছর ধরে সেলসম্যান হিসেবে কর্মরত। ভাইয়া মাত্র তিন বছর আগে বিয়ে করেছেন। আমরা মগবাজারেই থাকি। ভাইয়া থাকেন শান্তিনগরে। প্রতিদিনের মতো আজও ভাই সকালেই বেরিয়ে পড়েছিল। হয়ত তিনি ফিরতেন একটু পরেই। আমরা আজ শান্তিনগরের বাসাতেই ছিলাম। কিন্তু তার আর ফেরা হলো না। খবর পেলাম ভাই দগ্ধ হয়েছেন। ঢামেক বার্ন ইউনিটে ভর্তির খবরে ভাবি তামান্না ও মা’সহ ছুটে আসি। বোন আইরিন ও স্ত্রী তামান্না আহাজারি করে বলেন, ভাইয়াকে চিনেছি, কিন্তু চিনতে খুব কষ্ট হয়েছে। এভাবে আজ ভাইয়াকে দেখতে হবে ভাবিনি। ভাইয়ের পুরো শরীর রক্তাক্ত ও পোড়া। ভাইয়ার কষ্ট হচ্ছে। সবার দোয়া কামনা করেন তিনি। পাশেই স্ত্রী তামান্না বার বার মুর্ছা যাচ্ছেন। তিনি শুধু বলছেন, আমার সুস্থ সবল স্বামীকে তোমরা ফিরাইয়া দাও।











































