Home আঞ্চলিক দাকোপে তরমুজের দ্বিগুণ আবাদ সেচ সংকটে চাষীরা দিশেহারা

দাকোপে তরমুজের দ্বিগুণ আবাদ সেচ সংকটে চাষীরা দিশেহারা

6

গত বছরের তুলনায় এবছর খুলনার দাকোপে দ্বিগুণের বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে। তবে সেচের পানির অভাবে তরমুজ চাষ মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। লোকসানের আশঙ্কায় এলাকার চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১ হাজার ৫৩৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল। ভালো ফলন ও লাভ বেশি পাওয়ায় এবার চাষ হয়েছে ৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে। কিন্তু প্রচন্ড খরার কারণে পানির উৎস খাল ও পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় তরমুজ ক্ষেতে সেচ দিতে পারছেন না কৃষকরা।

সরেজমিনে স্থানীয় একাধিক কৃষকের সাথে আলাপ করে জানা গেছে, এ অঞ্চলের প্রধান ফসল আমনের পর রবি মৌসুমে সবচেয়ে বেশি লাভ হয় তরমুজ চাষে। ১ বিঘা জমিতে তরমুজের বীজ রোপন থেকে ফসল তোলা পর্যন্ত খরচ হয় ১২ থেকে ১৪ হাজার টাকা। আর বিক্রি হয় ৩০ হাজার থেকে সর্বোচ ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত। কৃষকরা লাভ অনেক বেশি পাওয়ায় প্রতি বছর অনেক নতুন নতুন এলাকায় এ আবাদ বৃদ্ধি পেয়ে চলেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশির ভাগ জমিতে তরমুজ গাছ অনেক বড় হয়ে গেছে। গাছে ফুল ও ফল আসা শুরু করেছে। কিছু ক্ষেতে আবার তরমুজ বড় হয়ে উঠেছে। অধিকাংশ ক্ষেতে সার ও কীটনাষক ছিটানোয় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষরা। তবে প্রচন্ড খরার কারণে মাঠের মধ্যে খাল বিলগুলো শুকিয়ে যাওয়ায় ক্ষেতে সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রথম দিকে অনেকে মাঠে ছোট ছোট কুয়ো কেটে সেখান থেকে ক্ষেতে সেচ দিলেও সে সব পানির উৎসগুলো এখন শুকিয়ে গেছে। আবার অনেক কৃষক পাম্প ও লম্বা পাইপ দিয়ে দুরের খাল থেকে সেচ দিলেও সে সব খালে এখন আর পানি নেই বললেই চলে।      

পূর্ব বাজুয়া এলাকার কৃষক রনজিত কুমার রায় বলেন, তিনি এবছর ১৩ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছেন। প্রথম দিকে তিনি মাঠে ছোট ছোট কুয়ো কেটে ক্ষেতে সেচ দিয়েছেন। এখন সেখানে পানি শুকিয়ে গেছে। কেবল মাত্র তার তরমুজ গাছে ফুল ও ফল আসা শুরু করেছে। পাশের বাজুয়া খাল থেকে পাম্পের মাধ্যমে লম্বা পাইপ দিয়ে সেচ দিচ্ছেন। খরার কারণে সেখানেও পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাছাড়া খালগুলোতে পলি পড়ে অগভির অবস্থা পড়ে আছে। কয়েক দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় সে আর ক্ষেতে সেচ দিতে পারবেন না। আর সেচ দিতে না পারলে ফল ভালো বড় হবে না, গাছও মরে যেতে পারে। এতে তার ব্যাপক লোকসান হতে পারে। আর লোকসান হলে ধার দেনা ও ঋণ শোধ করতে না পারলে তিনি পথে বসবেন বলে জানান। পানখালী এলাকার কৃষক ফাল্গুনী হালদার জানান, এবছর সর্ব প্রথম তিনি ধার দেনা করে ৫ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছেন। এতে তার প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়ে গেছে। প্রথমে সে ক্ষেতে ভালো ভাবে সেচ দিতে পারলেও এখন সে ভাবে পারছেন না। বর্তমানে তার পুকুরে পানি প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেখান থেকে অল্প একটু করে গাছে পানি দিচ্ছেন। ইতি মধ্যে পানির অভাবে তার কয়েকটি গাছ মরেও গেছে। প্রয়োজন মত ক্ষেতে সেচ দিতে না পারলে তার অনেক লোকসান হবে। তাছাড়া তার পাশ^াবর্তী বেশ কয়েকটি তরমুজ ক্ষেত খলিসা স্লুইচ গেট সংলগ্ন ওয়াপদা বেড়িবাঁধ কাজিবাচা নদী গর্ভে বিলিন হয়ে লবণ পানিতে তলিয়ে সম্প্রর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন মাঠের খাল ও জলাশয়গুলোতে পলি পড়ে ভরাট হওয়ায় এবং নাব্যতা কমে যাওয়ায় পানি শুকিয়ে গেছে। তাছাড়া দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নদীর পানিও প্রচন্ড লবণ থাকায় ব্যবহার করতে পারছেন না কৃষকরা। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে কৃষকদের তরমুজ ক্ষেতে সেচ সংকট আরোও তীব্র আকার ধারণ করবে। তিনি বিএডিসিকে ১০২টি খাল খননের প্রস্তাব পাঠিয়েছেন। ইতি মধ্যে কামারখোলা এলাকায় ১৪ কিঃ মিঃ খাল খনন করা হয়েছে। অন্যান্য এলাকায় স্থানীয় কিছু সমস্যার কারণে খনন কাজ ব্যহত হচ্ছে। সব খালগুলো খনন করতে পারলে সেচের পানি সংকট সমাধান হবে বলে তিনি মনে করেন।  

– মোঃ জাহিদুর রহমান সোহাগ, দাকোপ