স্টাফ রিপোর্টার ::
নগরীর সদর থানার সিমেন্ট্রি রোডের দেলোয়ার হোসেন দিলু নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার এক আসামিকে ফাঁসির আদেশ এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দ-প্রাপ্ত আসামি হলেন নগরীর ৪৪, সিমেন্ট্রি রোডের মৃত. আতিয়ার রহমান এর ছেলে মো. শাহিনুর রহমান তাজু (৪৫)। রায় ঘোষণাকালে আসামি তাজু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন শাহিনুর রহমানের ভাই হাসানুর রহমান কাজু ও রাজু, তাঁদের মা নূরজাহান বেগম এবং ভাগনে এহসান মোল্লা ওরফে ইশান।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ১৬ জুন সকাল ৯টার দিকে পূর্ব শক্রতার জের ধরে সিমেন্ট্রি রোডে নিজ বাড়ির সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে দেলোয়ার হোসেনকে খুন করা হয়। ওই ঘটনায় রাতেই নিহত দিলুর স্ত্রী শওকত আরা বানু বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং০১০। ২০১৪ সালের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহীনুর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চাজশিট দাখির করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বেগম সুলতানা রহমান শিল্পি ও মো. আবু হুরয়িরা সোহেল।











































