Home জাতীয় তৃতীয় দফায় ৬৩ পৌরসভায় নির্বাচন শনিবার

তৃতীয় দফায় ৬৩ পৌরসভায় নির্বাচন শনিবার

8

খুলনাঞ্চল রিপোর্ট::

পৌরসভায় তৃতীয় দফায় ভোট রাত পোহালেই। এই দফায় শনিবার সকাল থেকে ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন ৬৩ পৌরসভার মধ্যে তিনটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা জানান ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচারিক নির্বাহী হাকিম মোতায়েন করা হয়েছে। নির্বাচনী কেন্দ্রেও আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় বিজিবি পুলিশ আসনার মোতায়েন রয়েছে। মোবাইল টিম হিসেবে স্টাইকিং ফোর্স এলাকায় টহল দিচ্ছে।

ইসির তফসিল অনুযায়ী এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই ভোটগ্রহণ করা হবে। এই দফায় ৬৩ পৌরসভার সবগুলোতেই ব্যালটে ভোট নেয়া হবে। নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন করতে এলাকায় যান চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বন্ধ হয়ে গেছে প্রার্থীদের সব ধরনের প্রচার। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠানে ভোটের দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজকের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটার সরঞ্জাম পৌঁছে যাবে। কেন্দ্র নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদানের নির্দেশনাও দেয়া হয়েছে। এদিকে তৃতীয় দফায় পৌরসভায় ভোট উপলক্ষে আজ মধ্য রাত থেকে আগামীকাল ভোটের দিন মধ্য রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় লঞ্চ, ইঞ্জিন চালিত সব ধরনের নৌযান ও স্পিড বোর্ড চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান ব্যবহারের ওপর কোন নিষেধাজ্ঞা নেই। এছাড়াও রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থীর এজেন্ট, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিকরা পরিচয়পত্র বহন সাপেক্ষে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন।

গত ১৪ ডিসেম্বর তৃতীয় দফায় ৬৪ পৌরসভায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী তৃতীয় দফায় নির্বাচনের জন্য প্রার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন। ৩ জানুয়ারি বাছাই এবং ১০ জানুয়ারি প্রত্যাহার শেষে প্রার্থীরা ভোটের ময়দানে নেমে পড়েন। প্রায় ২০ দিন মাঠে ভোট প্রার্থনা শেষে এখন অপেক্ষা জয়-পরাজয়ের হিসাব-নিকাশে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এর আগে ২ দফায় ৮৪ পৌরসভায় নির্বাচন সম্পন্ন করেছে ইসি। কাল তৃতীয় দফায় ভোট ছাড়াও আগামী ১৪ ফেব্রুয়ারি হবে চতুর্থ দফায় ভোট। এছাড়া পঞ্চম দফায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়।

শনিবার তৃতীয় ধাপে যেসব পৌরসভায় ভোট হবে ॥

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর, সিলেটের গোপালগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজারের সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার লাকসাম ও বরুড়া, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর সদর, মুন্সীগঞ্জের সদর, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দর্শনা, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, যশোরের মণিরামপুর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ, বরগুনার সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন, দৌলতখান, শেরপুরের নালিতাবাড়ি, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইলের সদর, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ির পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের গৌরনদী, মেহেন্দীগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল, সিলেটের কজিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুন্ডু, টাঙ্গাইলের সদর, ভূয়াপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর, নীলফামারীর জলঢাকা, পাবনার সদর, খুলনার পাইকগাছা, নড়াইলের কালিয়া এবং কুমিল্লার চৌদ্দগ্রাম।