Home খেলাধুলা আকাশছোঁয়া গোলে এক রেকর্ডও ছুঁলেন রোনালদো

আকাশছোঁয়া গোলে এক রেকর্ডও ছুঁলেন রোনালদো

15

খেলা ডেস্ক

লিগ ম্যাচে গত রাতে পারমাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জুভেন্টাস। জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাকি দুই গোল করেছেন সুইডিশ উইঙ্গার দেয়ান কুলুসেভস্কি ও স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার। তবে রোনালদোর গোল দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দুই গোলেই যে ফুটবল রেকর্ডের বরপুত্র আরেক রেকর্ডে নাম লিখিয়েছেন!

দুই গোল করে রোনালদো এমন কীর্তিতে নাম লিখিয়েছেন, যা গত ৫৯ বছরেও কেউ করতে পারেননি। এই দুই গোলের মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে ৩৩ লিগ গোল করা হয়ে গেল রোনালদোর। সবশেষ এই কীর্তি গড়েছিলেন জুভেন্টাসেরই আর্জেন্টাইন স্ট্রাইকার ওমর সিভোরি, সেই ১৯৬১ সালে। তবে ইতালিয়ান লিগের এক পঞ্জিকাবর্ষে এর চেয়েও বেশি গোল করার রেকর্ড আছে। ১৯৫০ সালে এসি মিলানের কিংবদন্তি স্ট্রাইকার গানার নরডাল করেছিলেন ৩৬ গোল। ওদিকে জুভেন্টাসের আরেক স্ট্রাইকার ফেলিস বোরেল ১৯৩৪ সালে লিগে গোল করেছিলেন ৪১টি। এ বছর আরও একটা লিগ ম্যাচ খেলার সুযোগ পাবেন রোনালদো। আগামী মঙ্গলবার ফিওরেন্তিনার বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। সে ম্যাচে সিভোরিকে ছাড়িয়ে নরডালকে ছোঁয়ার একটা সম্ভাবনা আছে রোনালদোর সামনে।

এই ৩৩ গোলের মধ্যে ২৭টা ডান পায়ে, চারটা বাঁ পায়ে ও দুটি হেড করে করেছেন রোনালদো। তবে কাল ম্যাচে গোলের সূচনা হয়েছিল কুলুসেভস্কির পা থেকে। ব্রাজিলিয়ান লেফটব্যাক আলেক্স সান্দ্রোর দুর্দান্ত এক মাটিঘেঁষা ক্রসে সামান্য ফ্লিক করে কুলুসেভস্কির কাছে পাঠান স্প্যানিশ স্ট্রাইকার মোরাতা। সেখান থেকে দুর্দান্ত প্লেসমেন্টে ডি-বক্সের মধ্যে থেকে গোল করেন কুলুসেভস্কি। তিন মিনিট পরেই রোনালদো–জাদু। বাঁ প্রান্ত থেকে মোরাতার নিখুঁত এক ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। এই হেড করতে গিয়ে যতটুকু লাফ দিয়েছেন, সে লাফে মনে করিয়ে দিয়েছিলেন গত বছর সাম্পদোরিয়ার বিপক্ষে করা গোলটিকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়েলশ মিডফিল্ডার অ্যারন র‍্যামসির পাস থেকে গোল করে এক পঞ্জিকাবর্ষে ৩৩ গোল করার রেকর্ড করে ফেলেন রোনালদো। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো বের্নার্দেসকির ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৪-০ করে ফেলেন মোরাতা।

এই জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে চলে এসেছে জুভেন্টাস। সমান ২৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে ইন্টার। আর এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এসি মিলান।