খুলনাঞ্চল ডেস্ক।।
ফেনী থেকে পরশুরামের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের হাতের ইশারা দেখে হঠাৎ থেমে গেল গাড়ি।
এরপর তাকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী। এ সময় হাতে থাকা ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান ওই বৃদ্ধ। এরপর কথা বলেন দুজন। আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেন তিনি। করেন দোয়াও।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ফেনী থেকে পরশুরামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দুই প্রজন্মের এই আন্তরিক মুহূর্তটি উপস্থিত মানুষের মধ্যে তৈরি করে আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর প্রতি বৃদ্ধের স্নেহ ও ভালোবাসার দৃশ্য দেখে অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। তাকে দেখতে পেয়ে গাড়ি থামানো হয়। এরপর প্রধানমন্ত্রী নিজেই গাড়ি থেকে নেমে তার কাছে এগিয়ে যান। বৃদ্ধ ব্যক্তির দেওয়া ফুল গ্রহণ করেন এবং তার সঙ্গে কথা বলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তি স্নেহভরে তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন—‘আল্লাহ প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করুন।’
চারপাশের মানুষ তখন নীরবে তাকিয়ে দেখছিলেন সেই দৃশ্য। কারো হাতে মোবাইল ফোন, কেউবা দূর থেকে দেখছিলেন ভালোবাসা ও স্নেহের এই মুহূর্ত। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন প্রবীণের কাছে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর এগিয়ে যাওয়ার ঘটনা উপস্থিত মানুষের মনে আলাদা আবেগ তৈরি করে।
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।











































