Home আঞ্চলিক খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

19


স্টাফ রিপোর্টার।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা নতুন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোল্যা শওকত হোসেন বাবুল। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগপত্রে মোল্যা শওকত হোসেন বাবুল বলেন, তার মতামত না নিয়েই তাকে এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ সিদ্ধান্তকে তিনি ‘অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও স্বেচ্ছাচারী’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এ ধরনের আচরণ কোনও দায়িত্বজ্ঞানসম্পন্ন মানুষের কাছ থেকে কোনও অবস্থাতেই আশা করা যায় না। এটি মধ্যযুগীয় দাস প্রথার সঙ্গে সংগতিপূর্ণ। বিষয়টি যেন এমন—আমি প্রভু, তুমি ভৃত্য। তোমার জন্য দয়া করে যা বরাদ্দ করবো, সেটাই মানতে তুমি বাধ্য; তোমার কোনও স্বাধীনতা নেই।’

পদটির প্রতি তার কোনও মোহ ছিল না দাবি করে বাবুল বলেন, সব ধরনের বিভ্রান্তি এড়াতে তিনি ওই পদ থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে পদ থেকে তার নাম অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনগণের সামনে তুলে ধরবো এবং খোলাসা করবো।’ এ সময় তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান।

মোল্যা শওকত হোসেন বাবুল জানান, ২৭ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে খুলনা জেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।