Home আন্তর্জাতিক জাপানে শক্তিশালী টাইফুনের আশঙ্কায় ১৬ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ের নির্দেশ

জাপানে শক্তিশালী টাইফুনের আশঙ্কায় ১৬ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ের নির্দেশ

2

আন্তর্জাতিক ডেস্ক।।

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে ১৬ লাখেরও বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইবারাকি, চিবা, টোকিও, কানাগাওয়া এবং শিযুওকা অঞ্চলের ৬ লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টোকিও থেকে ৩৯ কিমি পূর্বে অবস্থিত চিবা প্রিফেকচারের সোদেগাউরা শহরে কর্তৃপক্ষ প্রায় ৪০ হাজার বাসিন্দার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। শহরটির বাসিন্দাদের জীবন রক্ষা করতে বলা হয়েছে এবং ঢালু জায়গা থেকে দূরে, দ্বিতীয় তলার ওপরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে টাইফুন দুজুয়ানের কারণে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় জাপান থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

চিবা প্রিফেকচারের সোদেগাউরা শহরের ফায়ার সার্ভিস বিবিসিকে জানিয়েছে, ভূমিধসের স্থান থেকে আটকা পড়া পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

টোকিওর বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা (টেপকো পাওয়ার গ্রিড) জানিয়েছে, টাইফুনের প্রভাবে জাপানে ৫০ হাজার ৮৯০ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

টোকিওর দুর্যোগ প্রতিরোধ সংস্থা বাসিন্দাদের বেসমেন্ট অবস্থান না করার জন্য সতর্ক করেছে। কারণ, এলাকাটিতে ভারি বৃষ্টিপাতের কারণে তিন নম্বর সতর্কতা জারি রয়েছে।