Home খেলাধুলা এশিয়ান গেমস অনুশীলন ক্যাম্পে টাইগাররা

এশিয়ান গেমস অনুশীলন ক্যাম্পে টাইগাররা

0


ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমস সামনে রেখে মিরপুরে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল রবিবার থেকে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে নেমেছেন টাইগাররা। দেশ ছাড়ার আগে ২১ ও ২২ সেপ্টেম্বর নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন লিটন, শান্তরা।

এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের আইচি ও নাগোয়ায়। ২০তম আসরটি চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাস ছাড়াও স্কোয়াডে আছেন— তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। স্বর্ণপদককে পাখির চোখ করেই জাপান যাবেন তারা। সম্প্রতি এশিয়ান গেমসে বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি, পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, যাতে আমরা ভালো করি। আমাদের ফাইনালে যাওয়ার সহজ সুযোগ আছে যদি ভালো খেলি।’

অনুশীলন ক্যাম্পে শান্ত, মোস্তাফিজ, তানজিদরা যোগ দিয়েছেন। বেশ কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত থাকলেও তারা ২-১ দিনের মধ্যেই ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্পে প্রস্তুতি, ফিঢনেস ছাড়াও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়ান গেমসের স্কোয়াডে শান্ত আছেন। তাকে ফেরানোকে ইতিবাচকভাবে দেখছেন খালেদ মাহমুদ। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এটি একটি ভালো পছন্দ, শান্তকে নেওয়া। তবে এটা ওকে প্রয়োগ করে দেখাতে হবে।’ ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয় ক্রিকেট। সেবারই স্বর্ণপদক পায় বাংলাদেশ। ২০১৪ ও ২০২৩ সালে পরের দুবার তারা পায় ব্রোঞ্জ, মাঝে ২০১৮ সালে ক্রিকেট ইভেন্ট ছিল না। ২০১০ ও ২০১৪ সালে রৌপ্য জেতা মেয়েদের ক্রিকেট দল ২০২৩ সালে জেতে ব্রোঞ্জ। প্রসঙ্গত, এবারের এশিয়ান গেমসে র?্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে আছে মালয়েশিয়া, হংকং ও ওমান।