Home আন্তর্জাতিক অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল হরমুজ বৈঠক

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল হরমুজ বৈঠক

0


অনলাইন ডেস্ক।।


আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ইরানের সোমবারের নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ পরিবহণ এবং আন্তর্জাতিক ওই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল ওমানে।


তবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তাঁর এমন ঘোষণায় ভবিষ্যতে কূটনৈতিক সমঝোতার আশা আরও ফিকে হয়েছে।

ইরান বলছে, আঞ্চলিক কিছু দেশ বৈঠক পিছানোর অনুরোধ জানিয়েছে এবং ওমানের সঙ্গে যৌথভাবেই বৈঠক পিছানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

বদর আলবুসাইদি রোববার সন্ধ্যায় এক্সে এক পোস্টে বৈঠক পিছানোর ঘোষণা দেন। বৈঠকে যে আট দেশের যোগ দেওয়ার কথা ছিল, তাদের পতাকাও পোস্ট করেন তিনি। তবে বৈঠক অনুষ্ঠানের নতুন কোনো তারিখ জানাননি বদর।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান জানিয়েছে, সৌদি আরবের অনুরোধে বৈঠক পেছানো হয়েছে। তাছাড়া, ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণেও বৈঠক পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরান জানিয়েছে।

সোমবারের বৈঠক ভেস্তে যাওয়ায় হরমুজ এবং সার্বিকভাবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈঠকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে ওমানের সঙ্গে করা একটি চুক্তির প্রস্তাব উপস্থাপন করার কথা ছিল।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনা করে বৈঠকের পরবর্তী দিন নির্ধারণ করা হবে। এ বিষয়ে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত তেহরান।