Home স্বাস্থ্য দিনের শুরুটা ‘গ্রিন জুস’ দিয়ে করতে চান? নার্গিস ফাখরির রেসিপি জেনে নিন

দিনের শুরুটা ‘গ্রিন জুস’ দিয়ে করতে চান? নার্গিস ফাখরির রেসিপি জেনে নিন

0

মিলি রহমান।।

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি সাইক্লিং, স্ট্রেংথ ট্রেনিং, কার্ডিও—এসবের সমন্বয়ে নিজের ফিটনেস রুটিনকে বৈচিত্র্যময় রাখতে পছন্দ করেন। তবে শরীরচর্চা তার স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি অংশ মাত্র; তিনি নিজের খাদ্যাভ্যাসের দিকেও বিশেষ নজর দেন।

তার সকালের রুটিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো বাড়িতে তৈরি গ্রিন জুস। ইনস্টাগ্রামে নিজের গ্রিন জুসের রেসিপি শেয়ার করার সময় নার্গিস জানান, এটি তৈরিতে মূলত চারটি উপকরণ ব্যবহৃত হয়। এগুলো হলো-সেলেরি, পালং শাক, লেবু এবং আদা। এই অভিনেত্রী সেলেরিকে একটি পুষ্টিকর উপাদান হিসেবে উল্লেখ করেন, পালং শাককে বলেন সুপার ফুড। এছাড়া ভিটামিন সি-র জন্য তিনি এতে লেবু এবং হজমশক্তি বাড়াতে আদা যুক্ত করেন বলে জানান।

প্রথমে এক মুঠো পালং শাক এবং কয়েকটি সেলেরি ডাঁটা ভালো করে ধুয়ে নিন। সেলেরিগুলো মাঝারি আকারে কেটে নিন। পালং শাক ও খোসা ছাড়ানো এক টুকরো আদা নিন। এবার লেবু বাদে সব উপকরণ এক সাথে মিক্সার বা জুসারে দিন। এরপর এতে অর্ধেকটা লেবুর রস চিপে দিন এবং সবকিছু ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি খুব ঘন মনে হলে বা আপনি যদি একটু পাতলা পানীয় পছন্দ করেন, তবে সামান্য পানি যোগ করতে পারেন।

ব্লেন্ড করা হয়ে গেলে জুসটি ছেঁকে নিন যাতে আঁশ বা শাঁস আলাদা করা যায়। নার্গিস একটু মসৃণ পানীয় পছন্দ করেন, তবে তিনি সম্পূর্ণ আঁশ ফেলে দেন না। আপনিও তার পদ্ধতি অনুসরণ করে ছেঁকে নেওয়া আঁশের সামান্য অংশ জুসের সাথে মিশিয়ে নিতে পারেন। অথবা, যদি ঘন টেক্সচার বা ঘনত্ব পছন্দ করেন, তবে না ছেঁকেও পান করতে পারেন।

গ্লাসে ঢালার আগে নিজের স্বাদ অনুযায়ী আদা ও লেবুর পরিমাণ ঠিক করে নিন। দীর্ঘ সময় সংরক্ষণ না করে এটি তাজা অবস্থায় পান করাই ভালো।

সাধারণ ও হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি নার্গিসের ‘গ্রিন জুস’ সকালের নাশতার সাথে দারুণ ও সতেজ সংযোজন হতে পারে। তবে, এটি কোনো পূর্ণাঙ্গ খাবারের বিকল্প হওয়া নয়। সুষম খাবার দিয়ে দিনটি শুরু করতে এর সাথে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট-সমৃদ্ধ পুষ্টিকর খাবার রাখুন। সূত্র: নিউজ এইট্টিন