Home আঞ্চলিক আমরা প্রতিশোধপরায়ণ এখনো হইনি, হতে চাই না: আইনমন্ত্রী

আমরা প্রতিশোধপরায়ণ এখনো হইনি, হতে চাই না: আইনমন্ত্রী

2


সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: কালবেলা
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দেশের মানুষের সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য। আমরা প্রতিশোধপরায়ণ এখনো হইনি। আমরা হতে চাই না।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণসংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, নির্যাতনের শিকার হওয়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের পথে না হাঁটার নীতি নিয়েছেন। তার মা ও মৃত ভাইয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্তের কথা বলেছেন। সেই নীতির অনুসরণ করেই সরকার কাজ করছে।

সরকারি দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ নীতি আপনাদেরও অনুসরণ করতে হবে। দেশের মানুষের সুশাসনের জন্য সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবে।


বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার মতপ্রকাশ, বাক্‌স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা চায়। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের চেষ্টা নিয়ন্ত্রণের দাবিও বিভিন্ন মহল থেকে আসছে।

সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগের কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছিল। মানুষের বাক্‌স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সেটি আরও যাচাই-বাছাইয়ের জন্য সাবকমিটিতে পাঠান। এরপর সংশোধনী প্রস্তাব নিয়ে জনপরামর্শের প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সাংবাদিকদের কাছ থেকেও পরামর্শ পেলে তা সংশ্লিষ্ট কমিটিতে আলোচনা করা হবে।

এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা ও দায়রা জজ নজরুল ইসলামের সভাপতিত্বে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। সেখানে স্থানীয় আদালতকেন্দ্রিক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, বিজিবি, র‌্যাবের অধিনায়ক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।