Home খেলাধুলা বিশ্বকাপে মরক্কোকে পাশে চায় না স্পেন

বিশ্বকাপে মরক্কোকে পাশে চায় না স্পেন

2


ক্রীড়া ডেস্ক


২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে মরক্কোর থাকা নিয়ে স্পেনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশটির ক্ষমতাসীন বামপন্থি জোটের কয়েকজন সংসদ সদস্য মরক্কোকে আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন।

বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪তম আসরের আয়োজক হিসেবে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এ ছাড়া ঐতিহাসিক গুরুত্বের কারণে উদ্বোধনী পর্বের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে স্পেনের পার্লামেন্টে মরক্কোর আয়োজনের সক্ষমতা ও উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন জোটের কয়েকটি দলের প্রতিনিধিরা। তারা স্পেন সরকারকে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে মরক্কোকে যৌথ আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন।

একই ধরনের অবস্থান নিয়েছে পর্তুগালের ক্ষমতাসীন লিবরা পার্টিও। দলটি এ বিষয়ে পর্তুগাল সরকার ও দেশটির ফুটবল ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়েছে।

মরক্কোকে নিয়ে আপত্তির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে দেশটির সঙ্গে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতা সীমান্তে সাম্প্রতিক অভিবাসন সংকট। অভিযোগ রয়েছে, ভুল তথ্যের কারণে হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন।

স্পেনের বামপন্থি নেতাদের দাবি, একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি যদি এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে মানুষ জীবন বিপন্ন করে দেশ ছাড়ার চেষ্টা করে, তাহলে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের দায়িত্ব দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।

তবে এখন পর্যন্ত ফিফা বা বিশ্বকাপের আয়োজক কমিটির পক্ষ থেকে মরক্কোর আয়োজক হওয়ার বিষয়ে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়নি। ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া হচ্ছে।