স্পোর্টস ডেস্ক।।
উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্দ আরাউহোকে বার্সেলোনা থেকে এক মৌসুমের জন্য ধারে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে লিভারপুল। চুক্তিতে আরাউহোকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে। আগামী সপ্তাহান্তেই লিভারপুলের দলে যোগ দেওয়ার কথা ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের।
বার্সেলোনার হয়ে গত চার মৌসুমের তিনটিতেই লা লিগার শিরোপা জিতেছেন আরাউহো। গত মৌসুমের শেষ দিকে ক্লাবটির অধিনায়কও ছিলেন তিনি।
২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে আরাউহোর। তবে গত মৌসুমে লা লিগায় মাত্র ১১টি ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি। জেরার্দ মার্তিন ও পাউ কুবর্সি নিজেদের জায়গা পাকা করে নেওয়ায় বার্সেলোনার রক্ষণভাগে আরাউহোর সুযোগ কমে যায়।
২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেন আরাউহো। এরপর স্পেনের ক্লাবটির হয়ে দুই শতাধিক ম্যাচ খেলেছেন তিনি।
ফ্রি ট্রান্সফারে ইব্রাহিমা কোনাতেকে রিয়াল মাদ্রিদে ছেড়ে দেওয়ার পর রক্ষণভাগ শক্তিশালী করার লক্ষ্যেই আরাউহোকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে লিভারপুল।










































