Home বিনোদন ‘লাপাত্তা’য় ব্যস্ত নুসরাত ফারিয়া

‘লাপাত্তা’য় ব্যস্ত নুসরাত ফারিয়া

0

বিনোদন ডেস্ক।।

বিরতি শেষে ফের ব্যস্ত হয়ে উঠেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি এবার ওটিটিতেও নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। আজ থেকে শুরু হচ্ছে ফারিয়া অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্মে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

মেহেদী হাসান হৃদয় জানান, শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। প্রথম দিনের শুটিং শেষে টানা প্রায় ১০ দিন ৩০০ ফিট, পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হবে।

হৃদয় বলেন, “আজ শনিবার থেকেই শুটিং করছি। প্রথম দিন এফডিসিতে শুটিং চলছে। এরপর বিভিন্ন লোকেশনে কাজ চলবে। দর্শকের জন্য নতুন এবং ভিন্নধর্মী একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা থাকবে।”

প্রথম দিনের শুটিংয়েই অংশ নিচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে থাকছেন অভিনেতা নাসির উদ্দিন খান। নির্মাতার প্রত্যাশা, গল্পের বৈচিত্র্য ও নির্মাণশৈলীর কারণে ‘লাপাত্তা’ দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে।

নতুন কাজটি নিয়ে আশাবাদী ফারিয়াও। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, “গল্পে নারী চরিত্রই প্রধান। আমি অভিনয় করছি কেন্দ্রীয় নারী চরিত্রে। পুরো গল্পটাই এই চরিত্রকে ঘিরে এগিয়েছে। সাসপেন্স, থ্রিল আর আবেগ—সব মিলিয়ে দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে বলে বিশ্বাস করি।”

ওটিটিতে নুসরাত ফারিয়ার পথচলা খুব দীর্ঘ না হলেও এটি তার প্রথম কাজ নয়। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। পরে ‘পাতালঘর’ ওটিটিতে মুক্তি পেলেও সিনেমাটি মূলত বড়পর্দার জন্য নির্মিত হয়েছিল। পরবর্তী সময়ে পরিকল্পনায় পরিবর্তন এনে এটি ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

‘লাপাত্তা’ কেন বেছে নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, “এটি একটি কমেডি-থ্রিলার। গল্পটি খুবই চমৎকার এবং ভিন্ন ধরনের। থ্রিলারের পাশাপাশি এতে দারুণ কিছু কমেডির উপাদানও রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে গল্পনির্ভর ও মানসম্মত কাজ করার সুযোগ থাকে।”

শুধু গল্প নয়, সহশিল্পীদের কারণেও কাজটির প্রতি আগ্রহী হয়েছেন বলে জানান তিনি। ফারিয়ার ভাষায়, “শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খানের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগও আমাকে আগ্রহী করেছে।”

অভিনয়ের পাশাপাশি সংগীতেও ব্যস্ততা বাড়িয়েছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি একের পর এক বিদেশি শোতে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে দুবাইয়ে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন। আগামী মাসে লন্ডনেও একটি শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি ভক্তদের জন্য আরও দুটি নতুন গান প্রস্তুত রেখেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত একাধিক সিনেমা। সব মিলিয়ে সিনেমা, ওটিটি ও সংগীত—তিন মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ সেই ব্যস্ততার তালিকায় যোগ করছে আরেকটি নতুন অধ্যায়।