Home বিনোদন আমার সঙ্গে বিয়ে নয়, স্বপ্নে বাসর হয়েছিল, রিজভীকে শাবনূর

আমার সঙ্গে বিয়ে নয়, স্বপ্নে বাসর হয়েছিল, রিজভীকে শাবনূর

7

বিনোদন ডেস্ক।।

প্রেম ও বিয়ের সম্পর্কের দাবি করা প্রবাসী রিজভী আহমেদের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রিজভীর বক্তব্যকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ দাবি করেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা।

শাবনূর লিখেছেন, সম্প্রতি আরজে নীরবকে দেওয়া এক সাক্ষাৎকারে রিজভী আহমেদ দাবি করেন, তিনি নাকি দীর্ঘদিন ধরে শাবনূরকে ভালোবাসতেন এবং তাকে বিয়েও করতে চেয়েছিলেন। অথচ একই সময়ে ‘সময় টিভি’কে দেওয়া আরেক সাক্ষাৎকারে রিজভী দাবি করেন, শাবনূর তার সাবেক প্রেমিকা ছিলেন।

বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে শাবনূর লিখেছেন, “সে আরও দাবি করেছে যে ২০১৬ সালে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে আমাদের ডিভোর্স হয়েছে!”

এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন শাবনূর। তার প্রশ্ন, রিজভী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি কখনো যুক্তরাজ্যে যাননি। তাহলে তাদের বিয়ে কোথায় বা কীভাবে হলো—এমন প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

শাবনূরের ভাষায়, “তার সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, তাকে আমি কখনো দেখেছি বলেও মনে পড়ে না, আমি তাকে চিনিই না। তার এসব কথা শুনে মনে হচ্ছে, আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু ‘স্বপ্নের বাসর’-ই হয়েছিল!”

শাবনূরের এই পোস্টের পর তার ভক্তদের অনেকেই মন্তব্য করে সমর্থন জানিয়েছেন। কেউ সত্য তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন, আবার কেউ লিখেছেন—‘সত্য চাপা থাকে না।’

তবে রিজভী আহমেদের বক্তব্য নিয়ে শাবনূরের আপত্তি শুধু প্রেম ও বিয়ের দাবি পর্যন্ত সীমাবদ্ধ নয়। সালমান শাহকে ব্ল্যাকমেল করার অভিযোগের বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

শাবনূর লিখেছেন, “রিজভী আহমেদ প্রবল বিদ্বেষের সঙ্গে দাবি করেছে যে আমি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতাম এবং তার আত্মহত্যার জন্য আমাকে দায়ী করেছে।”

এই দাবির ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তিনি জানান, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভী আহমেদের নাম শুনেছিলেন তিনি। তার দাবি, সালমান শাহর মৃত্যুর ঘটনায় রিজভী রাজসাক্ষী হওয়ার পরই তার নাম সামনে আসে। তাই রিজভী কীভাবে এবং কোন ভিত্তিতে তাকে সালমান শাহকে ব্ল্যাকমেলের সঙ্গে জড়াচ্ছেন—সে প্রশ্নও তুলেছেন শাবনূর।

সালমান শাহ ও তার স্ত্রীকে নিয়ে ‘কূটনামি’ করার অভিযোগও অস্বীকার করেছেন এই অভিনেত্রী। শাবনূরের দাবি, তিনি কখনোই কারও ব্যক্তিগত বিষয়ে এ ধরনের আচরণ করেননি।
তিনি লিখেছেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের আচরণ কখনোই আমার স্বভাবের মধ্যে ছিল না। আমার পরিবারও আমাকে এমন শিক্ষা দেয়নি। আর এসব করার সময়ও আমার ছিল না।”

এরপর রিজভী আহমেদের অতীতের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন শাবনূর। তার পোস্ট অনুযায়ী, সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে একসময় রাজসাক্ষী হয়েছিলেন রিজভী আহমেদ ওরফে ফরহাদ। শাবনূরের দাবি, ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া এক জবানবন্দিতে রিজভী সালমান শাহর মৃত্যুর ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন বলে উল্লেখ রয়েছে।

শাবনূর আরও দাবি করেন, ওই জবানবন্দিতে রিজভী ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে অর্থের বিনিময়ে সম্পৃক্ত থাকার কথা বলেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দেওয়া দুটি পৃথক সাক্ষাৎকারে রিজভী আবার সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেছেন বলে উল্লেখ করেন শাবনূর।