আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
গাজা সিটি থেকে আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, পুলিশ স্টেশনটিতে এক ঘণ্টার মধ্যে পরপর ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি ইসরায়েলি ড্রোন।
নিহতদের মধ্যে পুলিশ স্টেশনের পরিচালক, উপপরিচালকসহ আরো ৫ জন পুলিশ সদস্য রয়েছেন। তারা বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরের মধ্যবর্তী বাজার এলাকায় আইন-শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছিলেন।
প্রতিবেদনে বলা হয়, গাজাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবকাঠামো ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। এসব হামলার ফলে গাজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভেঙে পড়ছে এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকাজুড়ে বিশৃঙ্খলা ও ক্ষমতার শূন্যতা আরো গভীর হচ্ছে।










































