স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে টানা চার থেকে পাঁচ দিনের তীব্র ভারী বর্ষণ এবং রূপসা নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নগরীর ৩১ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চরম অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। বিপন্ন ও পানিবন্দী এই বিপুল সংখ্যক মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।

দুর্যোগের এই সংকটময় মুহূর্তে বন্যাকবলিত ও জলমগ্ন শত শত সাধারণ মানুষের ঘরে ঘরে রান্না করা খাবার এবং শুকনো খাবার পৌঁছে দিয়েছেন তিনি। তার এই মানবিক উদ্যোগ দুর্গত এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। মাঠপর্যায়ে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পানিবন্দী পরিবারের খোঁজখবর নেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জরুরি খাদ্য সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন।

খাদ্য বিতরণ নিয়ে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ৩১ নং ওয়ার্ডের মানুষের কষ্ট আজ চরমে। রান্নাঘর ডুবে যাওয়ায় অনেকেই চুলা জ্বালাতে পারছেন না। এই মানবিক সংকটে ঘরে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের দল হিসেবে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই সংকট দূর না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।











































