Home জাতীয় হাতিরঝিলে সারিবদ্ধ ‘কালেমাখচিত’ পতাকা কারা টানিয়েছে জানে না পুলিশ

হাতিরঝিলে সারিবদ্ধ ‘কালেমাখচিত’ পতাকা কারা টানিয়েছে জানে না পুলিশ

1


ঢাকা অফিস।।


রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান হাতিরঝিলের ব্রিজে সারিবদ্ধভাবে কালেমাখচিত সাদা পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা টানিয়েছে এসব পতাকা, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তারা। তবে পতাকা টানানোই থাকবে নাকি নামিয়ে ফেলা হবে, সে নিয়ে করণীয় সম্পর্কে কোনো দিকনির্দেশনা নেই বলেও জানিয়েছে পুলিশ।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিরঝিলের একটি আর্চ ব্রিজের রেলিং ও লোহার কাঠামোর বিভিন্ন স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাদা রঙের ছোট ছোট পতাকা বাঁধা দেখা যায়। প্রতিটি পতাকায় আরবি ভাষায় কালেমা তৈইয়্যেবা লেখা রয়েছে। ব্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একই ধরনের পতাকা সারিবদ্ধভাবে টানানো থাকায় পথচারী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই ঘটনাস্থলে থেমে ছবি ও ভিডিও ধারণ করেন।

হাতিরঝিলের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, আজ সকালে হাতিরঝিল এলাকার প্রায় সব ব্রিজ ও কিছু গাছের সঙ্গে কালেমা লেখা পতাকা টানানো দেখা যায়। তবে কে বা কারা টানিয়েছে তা জানা যায়নি। তাদের ধারণা, লোকসমাগম কম থাকা কোনো একসময়ে, অর্থাৎ গভীর রাত বা খুব ভোরে, পতাকাগুলো টানানো হয়ে থাকতে পারে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তার বাসা মধুবাগ বাজারের পাশে। জানালা থেকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজসহ বড় একটি অংশ দেখা যায়। গত রাতে চোখে পড়ার মতো অনেক মাদ্রাসার ছাত্রদের দেখা গেছে। তখন মনে হচ্ছিল হাতিরঝিল এলাকায় ঘুরতে এসেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি সারিবদ্ধ সাদা পতাকা। রাতে ওই সব মাদ্রাসার ছাত্ররা এই পতাকা টানিয়েছেন।


হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সকালে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম হাতিরঝিল এলাকায় কালিমার পতাকা টানানো হয়েছে। কে বা কারা টানিয়েছে, তা নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছি।

হাতিরঝিলে টানানো পতাকা এখন কি ওখানেই থাকবে নাকি নামিয়ে ফেলা হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। তারা যে নির্দেশ দেন, সেভাবে থানার পুলিশ কার্যক্রম পরিচালনা করবে।

ডিএমপির সূত্রে জানা গেছে, হাতিরঝিল এলাকায় কালেমাখচিত পতাকা টানানোর খবর সকালেই ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গোয়েন্দা তথ্য হিসেবে পৌঁছে গেছে। সে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কারা পতাকাগুলো টানিয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা শনাক্তের চেষ্টা চলছে।


এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পতাকা টানানোর বিষয়ে আমরা মাত্র খবর পেলাম। এখন সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। যদি সিদ্ধান্ত নেওয়া হয়, পতাকা নামিয়ে ফেলার আমরা নামিয়ে দেব। তবে এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সম্প্রতি সময়ে দেশের নানা জায়গায় কালিমাখচিত পতাকা টানানোর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। বিষয়টি নিয়ে নানা মহল বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণও চলছে। জুনে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর সারাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, জার্মানিসহ পছন্দের দেশের পতাকা উড়ছে। অনেকে মনে করছেন, এর পাল্টা জবাব হিসেবে একটি পক্ষ দেশজুড়ে এই কালিমাখচিত এই পাতাকা টানাচ্ছে। এরপক্ষে দু-একজন ধর্মীয়ও বক্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য রাখছেন। তবে এ নিয়েও নানা ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ বলছেন, বিষয়টিকে একদম সরলভাবে দেখার সুযোগ নেই।