স্পোর্টস ডেস্ক।।
চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কোনো উদ্বেগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রি।
আগামী বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লড়াইয়ে নেইমারের উপস্থিতি ব্রাজিলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে।
তবে স্কটল্যান্ড শিবিরে এ নিয়ে কোনো বাড়তি চাপ নেই। সংবাদ সম্মেলনে হেনড্রি আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘নেইমার ফিরছে? কোনো সমস্যা নেই। তার বিপক্ষে খেলতে আমি স্বচ্ছন্দ বোধ করি। এমন একজন ফুটবলারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছি। সে খেললে এটি হবে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা।’
নেইমারের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও রয়েছে হেনড্রির। ২০২১ সালে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের হয়ে খেলতে গিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন পিএসজির তারকা নেইমারের। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই সেলেসাওদের নকআউট পর্ব নিশ্চিত হবে। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে থাকা স্কটিশদের জন্য সমীকরণ তুলনামূলক কঠিন। শেষ ষোলোতে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে তাদের জয়ই সবচেয়ে নিরাপদ পথ।









































