স্পোর্টস ডেস্ক।।
সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরতে হয়েছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলকে। এরপর থেকে যুব দলের আর কোনো প্রোগ্রাম বা ম্যাচ দেখা যায়নি।
তবে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যৎ দল গঠনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে ইয়ুথ ক্রিকেট লিগ শেষ হয়েছে এবং সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে একটি প্রশিক্ষণ কার্যক্রমও আয়োজন করা হয়েছে।
এর ধারাবাহিকতায় ৪৬ জন ক্রিকেটারকে নিয়ে খুলনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প। গত শনিবার শুরু হওয়া এ ক্যাম্প চলবে ২৭ জুন পর্যন্ত। ক্যাম্প চলাকালে ক্রিকেটাররা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পাঁচটি একদিনের ম্যাচ খেলবেন। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।
অন্যদিকে, গত মাসে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন প্রধান কোচ নিয়োগের বিষয়ে আলোচনা চললেও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। দেশি কোচদের কয়েকজনের নাম আলোচনায় এলেও বিষয়টি চূড়ান্ত হয়নি।
ফলে নতুন প্রধান কোচ নিয়োগ ছাড়াই শুরু হয়েছে খুলনার এই ক্যাম্প। বিসিবি সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই প্রধান কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বর্তমান ক্যাম্পে কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন ডলার মাহমুদ, মোহাম্মদ সেলিম এবং আরশাদ খান।











































