Home খেলাধুলা একই ম্যাচে দুইবার শাস্তি পেল ভারত

একই ম্যাচে দুইবার শাস্তি পেল ভারত

4

স্পোর্টস ডেস্ক।।

পিচের সংরক্ষিত অংশে বারবার দৌড়ানোর অপরাধে একই ম্যাচে দুইবার শাস্তির মুখে পড়েছে ভারত ‘এ’ দল। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এই ঘটনা ঘটে। ম্যাচে দুই দফায় একই ভুল করায় পাঁচ রান করে মোট ১০ রানের শাস্তি দেওয়া হয়।

সোমবার (১৫ জুন) ম্যাচ চলাকালে ভারতের ব্যাটার বিপরাজ নিগম দুইবার পিচের সংরক্ষিত অংশ অতিক্রম করেন। এর আগে একই বিষয়ে তাকে সতর্ক করেন আম্পায়াররা। সতর্কবার্তা পাওয়ার পরও একই ভুল পুনরাবৃত্তি করায় ভারতকে দুইবার শাস্তি দেওয়া হয়।

ম্যাচের ৩৪তম ও ৩৭তম ওভারে অন-ফিল্ড আম্পায়ার প্রাগীথ রাম্বুকওয়েলা ও শান্তা ফনসেকা আনুষ্ঠানিকভাবে এই শাস্তি দেন। দ্বিতীয় ঘটনায় নিগম একটি বল শর্ট থার্ড ম্যানের দিকে খেলে রান নিতে বের হয়েছিলেন। তবে নন-স্ট্রাইকার সূর্যাংশ শেঢগে তাকে ফিরিয়ে দিলে দ্রুত ক্রিজে ফেরার সময় তিনি পিচের মাঝখান দিয়ে দৌড়ে পুনরায় নিয়ম ভাঙেন।

এর দুই ওভার আগেও একই ধরনের অপরাধ করেছিলেন নিগম। ধারাভাষ্যকারদের তথ্য অনুযায়ী, ভারতীয় ব্যাটারদের আগেও সতর্ক করেছিলেন আম্পায়াররা। কিন্তু সতর্কবার্তার পরও একই ভুল হওয়ায় শাস্তি এড়ানো সম্ভব হয়নি। ফলে শ্রীলঙ্কা ‘এ’ দল তাদের স্কোরবোর্ডে অতিরিক্ত ১০ রান যোগ করে লক্ষ্য তাড়ায় নেমেছে।

তবে বিতর্কিত এই ম্যাচে ভারতের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল নিগমের। ১৪৩ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুলতে অষ্টম উইকেটে সূর্যাংশ শেঢগের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন তিনি। ৪৯ বলে ৫১ রান করে রান আউট হন নিগম। আর শেঢগে ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেলে ভারত ‘এ’ দলকে বড় সংগ্রহ এনে দেন।