Home আঞ্চলিক রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

5


বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে ইখলাস গাজী নামের সাবেক এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত ইখলাস গাজী (৫০) রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা ও সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী দোকান্দার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বেলা ১১টায় ইখলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিল। এ সময় পার্শবর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক দুর্বৃত্ত এখলাসকে উদ্দেশ করে প্রথমে গালাগাল করতে থাকে। একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুষি মারে। এতে এখলাস আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কি কারণে বা কেন মাইঝে শিকদার তার উপর চড়াও হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।