Home বিনোদন মালিক দিয়ে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি: মিম

মালিক দিয়ে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি: মিম

0

বিনোদন প্রতিবেদক।।


‘পরান’ সিনেমা দিয়ে দেশের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন বিদ্যা সিনহা মিম। সেই মিমকে দীর্ঘ বিরতির পর আবারও ঈদের সিনেমায় দেখা গেল। বিরটা ছিল দুই বছরের। ফেরার পর থেকেই আলোচনায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘মালিক’। মুক্তির পর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া যেমন ইতিবাচক, তেমনি সিনেমায় আরিফিন শুভর সঙ্গে মিমের রসায়নও প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের কাছ থেকে।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ এখন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির প্রচারণায় অংশ নিতে নিয়মিত বিভিন্ন হলে যাচ্ছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। দর্শকদের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাদের প্রতিক্রিয়া। এই ব্যস্ততার মধ্যেই নিজের দীর্ঘ বিরতি, সিনেমায় ফেরা এবং ‘মালিক’ নিয়ে অনুভূতির কথা জানিয়েছেন মিম।

অভিনেত্রীর ভাষায়, দুই বছরের বিরতি তার কাছে অনেক দীর্ঘ সময়। এই সময়ে দর্শকরা তাকে নতুন কোনো সিনেমায় দেখতে চেয়েছেন, কিন্তু নানা কারণে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।

মিম বলেন, ‘লম্বা একটা বিরতির পর ঈদে সিনেমা নিয়ে এলাম। দুই বছরের গ্যাপ। এই গ্যাপটা আমার জন্য অনেক লম্বা। এই সময়ে দর্শক আমার কাজ দেখতে চেয়েছিলেন। কিন্তু আমি দিতে পারিনি। সেটা নানা কারণেই হয়নি।’

তবে এই সময়টাতে যে তিনি কাজের বাইরে ছিলেন, এমন নয়। নিয়মিত নতুন সিনেমার প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু সব প্রস্তাব গ্রহণ করার পক্ষে ছিলেন না তিনি। বরং নিজের পছন্দ, গল্পের মান এবং চরিত্রের গুরুত্ব বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন।

তার ভাষায়, ‘সিনেমার প্রস্তাব যে পাইনি তা কিন্তু নয়। অনেক প্রস্তাব এসেছে। কিন্তু যেমন প্রজেক্ট চেয়েছি, তেমন প্রজেক্টের সঙ্গে ব্যাটে-বলে মেলেনি। তাই কাজগুলো করা হয়নি।’

অবশেষে যখন ‘মালিক’-এর প্রস্তাব আসে, তখনই বিষয়টি তাকে আগ্রহী করে তোলে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ছবির গল্প, ঈদে মুক্তির পরিকল্পনা এবং সহশিল্পী হিসেবে আরিফিন শুভর উপস্থিতিকে।

মিম বলেন, যখন মালিক-এর প্রস্তাব আসে, তখন বলা হয়েছিল এটি ঈদের প্রজেক্ট। সঙ্গে শুভ ভাই আছেন। গল্পটাও অ্যাকশন ঘরানার। সব মিলিয়ে প্রজেক্টটি করতে আগ্রহী হয়েছিলাম।

বাংলাদেশের চলচ্চিত্রে আরিফিন শুভ ও মিমের জুটি নতুন নয়। এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন। তবে ‘মালিক’-এ তাদের রসায়ন দর্শকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে।

মিম মনে করেন,‘দর্শক তাদের পর্দার রসায়ন গ্রহণ করেছেন বলেই সিনেমাটি নিয়ে আলোচনা আরও বেড়েছে। সিনেমাটি নিয়ে আমরা যেমন প্রত্যাশা রেখেছিলাম তার চেয়েও বেশি সাাড়া পাচ্ছি। সিনেমাটিতে শুভ ভাইয়ের সঙ্গে আমার কেমিস্ট্রিটাও দর্শক পছন্দ করছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। সিনেমাটির একটি আইটেম গান একটি রোমান্টিক ও একটি স্যাড রোমান্টিক সবগুলো গানই দর্শক-শ্রোতারা দারুণভাবে গ্রহণ করছেন। সিনেমার ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও গানগুলো একবাক্যে সবাই ভালো বলছেন।’

সিনেমা মুক্তির আগেই ‘মালিক’-এর ট্রেলার দর্শকদের আগ্রহ তৈরি করেছিল। বিশেষ করে ট্রেলারে মিমের উপস্থিতি এবং চরিত্রের ঝলক অনেকের নজর কাড়ে। অভিনেত্রীর দাবি, ট্রেলার প্রকাশের পর থেকেই তিনি দর্শক ও সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।

“সিনেমাটির ট্রেলার যখন প্রকাশ হলো, তখন আমার চরিত্রটি দেখে অনেকেই প্রশংসা করেছেন। আমাকে ফোন দিয়েও অনেক ভালো বলেছেন। তখন থেকেই মনে হচ্ছিল দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে,” বলেন তিনি।

বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ‘মালিক’। ঈদের ছুটিতে ছবিটি দেখতে দর্শকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন আলোচনা হচ্ছে, তেমনি প্রেক্ষাগৃহে সরাসরি দর্শকদের প্রতিক্রিয়াও আশাব্যঞ্জক বলে মনে করছেন মিম।

তার ভাষায়, ‘এখন সিনেমা হলে ‘মালিক’ চলছে। দর্শকদের রেসপন্সও দারুণ। একজন শিল্পী হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।’

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ মূলত অ্যাকশনধর্মী একটি বাণিজ্যিক চলচ্চিত্র। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ঈদের প্রতিযোগিতাপূর্ণ চলচ্চিত্র বাজারে মুক্তি পেয়েও ছবিটি দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরা মিম।