স্টাফ রিপোর্টার।।
খুলনা সার্কিট হাউস মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে প্রথমবারের মতো পর্দা সহকারে পৃথক জায়গায় নারীরাও অংশ নিতে পারবেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২০ মে সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
সভায় জানানো হয়, খুলনার সার্কিট হাউস ময়দানে ঈদুল আজহা নামাজের প্রধান জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ৯টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এতে আরো বলা হয়, সার্কিট হাউস ময়দান ও টাউন জামে মসজিদে পর্দা রক্ষা করে মহিলাদের জন্য পৃথক ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। ঈদের দিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এ ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিত করা হবে।
সড়ক ও নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। মহাসড়কে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ থাকবে এবং নৌপথে ২৭ মে থেকে ৬ জুন পর্যন্ত বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলে সভায় বলা হয়েছে।










































