স্টাফ রিপোর্টার ।।
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন পুটিমারি বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মীসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদলের সক্রিয় কর্মী মো. মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)। মাসুম শেখ লবণচরা এলাকার বেলায়েত শেখের ছেলে এবং জাহিদ হোসেন হোসেন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ভিতরে অবস্থানকালে মো. পারভেজ (৩৪) মোটরসাইকেল যোগে সেখানে আসে। এ সময় মাসুম শেখের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে পারভেজ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি মাসুমের কোমরের নিচে ডান পাশে লাগে। পরে আরও একটি গুলি ছোড়া হলে তা জাহিদ হোসেনের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সেখানে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










































