স্টাফ রিপোর্টার ।।
চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে আগামী ৪ জুন চীন সফরে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক ব্যবস্থা ও আধুনিক উৎপাদন কাঠামো পর্যবেক্ষণ করবেন।
জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। এ সময় তারা চীনের নতুন উন্নতমানের উৎপাদন শক্তির বিকাশ, উচ্চ-মানের উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের শাসন ব্যবস্থা সম্পর্কে সরেজমিন অভিজ্ঞতা অর্জন করবেন।
এছাড়া সফরকালে চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হবে। বিভিন্ন বৈঠকে দুই দেশের রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খুলনার সন্তান হামিমের এ প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হওয়াকে স্থানীয় নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তরুণ নেতৃত্ব আরও সমৃদ্ধ হবে।










































