Home আঞ্চলিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করলেন এমপি হেলাল

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করলেন এমপি হেলাল

0

স্টাফ রিপোর্টার ।।

সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের প্রত্যয়ে খুলনার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ (সিইউসি) পরিচালিত সিইউসি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে নগরীর ৬১, সাউথ সেন্ট্রাল রোডস্থ নার্গিস মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী তুলে দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে তারাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবে। সিইউসি স্কুল যেভাবে প্রতিকূলতার মধ্যেও এই শিশুদের শিক্ষার আলো দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, জনগণের সেবক ও নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের পাশে অতীতেও ছিলেন, ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবেন। এ সময় তিনি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসার আহ্বান জানান এবং মানবিক সমাজ গঠনে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে গার্ড অব অনার প্রদান করে শিক্ষার্থীরা। আরিফা ইসলাম খুকুমণি ও হাওয়ারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউসি সংগঠনের সভাপতি মো. শাহীন হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ এবং সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ইমদাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মো. মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী প্রধান শিক্ষক কারীমা আক্তার, সহকারী শিক্ষক জাহিদ হাসান শুভ, মিম আক্তার মনিকা, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ধনঞ্জয় রায়, মনিরুল ইসলাম, ঝর্না আক্তার, আকলিমা আক্তার, বর্ষা আক্তার, সুখী আক্তার, শুভ, শাহীন, সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী হাতে পেয়ে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শেষে আয়োজকরা উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।