সাতক্ষীরা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরায় এবার আলোচনায় এসেছে বিশাল আকৃতির কয়েকটি ছাগল| দূর থেকে দেখলে ছোটোখাটো বাছুর মনে হলেও কাছে গেলে বোঝা যায়, এগুলো আসলে কোরবানির জন্য প্রস্তুত করা ছাগল| এর মধ্যে সবচেয়ে বড়টির ওজন ৭৬ কেজি| বাকি দুটির ওজন ৬৪ ও ৫৪ কেজি| ব্যতিক্রমী এসব ছাগল দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন উৎসুক মানুষ| সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার বাসিন্দা ও মেরিন ইঞ্জিনিয়ার আমিরুল ইসলামের খামারে বেড়ে ওঠা ছাগল তিনটি এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে| সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সি মানুষ খামারে এসে ছাগলগুলো দেখছেন| কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন|
খামার মালিক আমিরুল ইসলাম জানান, ‘দীর্ঘদিন বিদেশি জাহাজে চাকরি করলেও শখ থেকেই কয়েক বছর আগে ছাগল পালন শুরু করেন| প্রায় ছয় বছর আগে একটি পুরুষ ছাগল ও দুটি মাদি ছাগল কিনে ছোট পরিসরে যাত্রা শুরু হয় তার| বর্তমানে তার খামারে রয়েছে ৩৮টি ছাগল| পাশাপাশি মাছের ঘের, কবুতর পালন ও ঘাসের চাষও করছেন তিনি|’
তিনি বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে গত তিন বছর ধরে বড় আকৃতির ছাগল প্রস্তুত করছি| এবার তিনটি ছাগল বিশেষভাবে লালন-পালন করেছি| প্রতিদিন নির্দিষ্ট খাবার ও পরিচর্যার কারণে এগুলো অনেক বড় হয়েছে|’
খামারে গিয়ে দেখা যায়, সাদা, খয়েরি ও কালো রঙের তিনটি বড় ছাগল আলাদা ঘরে রাখা হয়েছে| নিয়মিত গোসল করানোসহ বিশেষ যত্নে পালন করা হচ্ছে সেগুলো| খামারের তিনজন কর্মচারী সার্বক্ষণিক দেখভাল করছেন| খাবার হিসেবে দেওয়া হচ্ছে ভুসি, কুঁড়া, খইল, পালিশ ও তাজা ঘাস|
আমিরুল ইসলাম জানান, জীবন্ত ওজন অনুযায়ী প্রতি কেজি ৮০০ টাকা দরে ছাগল বিক্রির পরিকল্পনা রয়েছে| এরই মধ্যে খয়েরি রঙের ছাগলটি তার এক পরিচিত ব্যক্তি কিনে নিয়েছেন| ৬৪ কেজি ওজনের ছাগলটির দাম পড়েছে ৪৪ হাজার ৮০০ টাকা| খামারে ছাগল দেখতে আসা স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে এখানে এসেছি| এত বড় ছাগল সচরাচর দেখা যায় না|’ কলেজ শিক্ষার্থী শাওন হোসেন বলেন, ‘ছাগলগুলো দেখতে খুব সুন্দর| বোঝাই যায়, অনেক যত্ন নিয়ে পালন করা হয়েছে|’
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ‘দেশে সাধারণত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বেশি দেখা যায়| তবে ক্রস জাতের ছাগল আকারে বড় হয়| সঠিক পরিচর্যা ও খাবার নিশ্চিত করলে এ ধরনের ছাগলের ভালো বাজারমূল্য পাওয়া যায়|’











































