Home স্বাস্থ্য তীব্র গরমে বাইরে থেকে ফিরে কী খাওয়া ভালো?

তীব্র গরমে বাইরে থেকে ফিরে কী খাওয়া ভালো?

6

মিলি রহমান।।

কড়া রোদ আর তীব্র গরমে মানুষের অবস্থা নাজেহাল। যারা কাজের জন্য বাইরে যান, রোদের মধ্যে যাদের বেশিরভাগ সময় বাইরে কাজ করতে হয়, তাদের অবস্থা ভয়াবহ। এমন গরমে হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। আর পেটের প্রদাহ তো পিছু লেগেই থাকে।

এমন অবস্থায় সকালে বাইরে যাওয়ার আগে এবং কড়া রোদ থেকে ঘরে ফিরে কিছু খাবার খেতে পারেন। এতে শরীর ও মন তাৎক্ষণিক ঠান্ডা ও সতেজ হবে।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর একটি প্রতিবেদনে বাইরে যাওয়ার আগে এবং কড়া রোদ থেকে ফিরে কী খেলে উপকার পাওয়া যাবে তা উল্লেখ করা হয়েছে। যেমন:

পাকা পেঁপে বা কলা: কড়া রোদ থেকে ঘরে ফিরে খেতে পারেন পাকা পেঁপে বা কলা। কারণ কলাতে প্রচুর পটাশিয়াম থাকে, যা গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যাওয়ার ঘাটতি পূরণ করে এবং শক্তি জোগায়।

পর্যাপ্ত পানীয়: ভারতীয় পুষ্টিবিদ গোপা নাগ দে বলেন, এই গরমে সব থেকে বেশি পর্যাপ্ত পানীয় পান করা প্রয়োজন। বাইরে বের হওয়ার অন্তত ১৫-২০ মিনিট আগে ১ থেকে ২ গ্লাস পানি পান করুন। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের সেরা উৎস ডাবের পানি। তাই রোদ থেকে ফিরে কিছুক্ষণ জিরিয়ে পান করতে পারেন ডাবের পানি। শরীর থেকে যে খনিজ লবণ বেরিয়ে যায়, ডাবের পানি তা দ্রুত পূরণ করে।

পান্তা ভাত: গরমের দিনে সকালে পান্তা ভাত খেতে পারেন। গরমে শরীর ঠান্ডা রাখার দারুণ খাবার এটি। এছাড়াও যদি ভারী কিছু খেতে হয়,তবে তেল-মসলা ছাড়া হালকা খাবার বেছে নিন।

লেবু পানি কিংবা ঘোল: সামান্য লবণ ও চিনি দিয়ে লেবুর শরবত বা এক গ্লাস ঠান্ডা টক দইয়ের ঘোল খেয়ে বাইরে বের হতে পারেন। এগুলো শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে।

বেল বা আমের শরবত: বেলের শরবত বা আমপোড়ার শরবত এই দুই পানীয়ই গরমের দিনে সানস্ট্রোক বা হিটস্ট্রোক প্রতিরোধ করতে দারুণ কার্যকরী। তাই বাইরে যাওয়ার আগে শরবত পান করতে ভুলবেন না।

পানিযুক্ত ফল: গরমে সুস্থ থাকতে খেতে পারেন তরমুজ বা শশা। এগুলোতে ৯০ শতাংশের বেশি পানি থাকে। বের হওয়ার আগে কয়েক টুকরো তরমুজ বা একটি শশা খেয়ে নিন। শরীর অনেকক্ষণ হাইড্রেটেড থাকবে।

যা এড়িয়ে চলবেন
গরমে অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিংকস বা প্যাকেটজাত জুস পান না করাই ভালো। এগুলো সাময়িক তৃষ্ণা মেটালেও শরীরের পানির ভারসাম্য নষ্ট করে। অতিরিক্ত চা বা কফি খেলে ক্যাফেইন শরীরকে দ্রুত ডিহাইড্রেটেড বা পানিশূন্য করে তোলে।