স্পোর্টস ডেস্ক।।
আইপিএল চলাকালীন খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের ‘রিল’ তৈরির ওপর বিধিনিষেধ আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্টকে দুর্নীতিমুক্ত রাখা এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) এই নির্দেশনা জোরদার করেছে।
বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইপিএল বা বিসিসিআইয়ের লোগো সংবলিত পোশাক পরা অবস্থায় মাঠের কোনো নিষিদ্ধ এলাকায় (পিএমওএ) ভিডিও ধারণ করা যাবে না। সম্প্রতি কয়েকজন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটারকে মাঠের ভেতরে শুটিং করতে দেখে সতর্ক করেছে বোর্ড। এখন থেকে সাবেক ক্রিকেটাররাও অনুমতি ছাড়া মাঠের ভেতরে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না।
নতুন নির্দেশনা অনুযায়ী, ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা হোটেল বা স্টেডিয়ামের অভ্যন্তরীণ কোনো মুহূর্তের ভিডিও বা ছবি পোস্ট করতে পারবেন না। এছাড়া টিম বাসে খেলোয়াড় ছাড়া অন্য কারও (পরিবার বা বন্ধু) যাতায়াতের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এমনকি ম্যাচ শুরুর ঠিক আগে বা পরে ড্রেসিংরুম বা হোটেল সংশ্লিষ্ট কোনো তথ্য শেয়ার করাও এখন অপরাধ হিসেবে গণ্য হবে।
বিসিসিআই লক্ষ্য করেছে, অনেক সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়োগ করা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে দলের কৌশল বা একাদশ ফাঁসের ঝুঁকি থাকে। বোর্ডের মতে, দলের ভেতরে বাইরের মানুষের অবাধ যাতায়াত তথ্য পাচারের আশঙ্কা বাড়িয়ে দেয়।
সম্প্রতি এক তারকা পেসারের স্ত্রীকে টিম হোটেলের ভিডিও পোস্ট করায় সতর্ক করা হয়েছে। কারণ, এসব ভিডিও থেকে পরোক্ষভাবে দলের ভেতরের পরিবেশ ও রণকৌশল সম্পর্কে ধারণা পাওয়া যায়।
আইপিএল ছাড়াও ভারতের বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোতেও একই ধরনের নিয়ম কার্যকর করার কথা ভাবছে বিসিসিআই।











































