Home বিনোদন হেনস্তার শিকার রিভা

হেনস্তার শিকার রিভা

1

বিনোদন ডেস্ক।।

নিজ বাড়িতে এক ডেলিভারিম্যানের কাছ থেকে হেনস্তার শিকার হয়েছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’খ্যাত তরুণ ভারতীয় অভিনেত্রী রিভা অরোরা। ক’দিন আগে ঘটলেও সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। এ ঘটনায় মুম্বই পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। রিভা জানান, ঘটনার দিন বিকাল সাড়ে ৩টার দিকে অনলাইন গ্রোসারি অ্যাপ ‘ব্লিনকিট’র এক ডেলিভারিম্যান তার বাড়িতে পণ্য পৌঁছে দিতে আসেন। কথা বলার একপর্যায়ে ওই ব্যক্তি অভিনেত্রীর সঙ্গে চরম অসভ্য আচরণ শুরু করেন।


রিভা তাকে শান্ত হতে বললেও তিনি থামেননি, বরং তর্কে জড়িয়ে পড়েন এবং অপেশাদার আচরণ করতে থাকেন। একপর্যায়ে অভিনেত্রীর মা নিশা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলে ওই ডেলিভারিম্যান তার সঙ্গেও কুরুচিপূর্ণ ও অপমানজনক ভাষা ব্যবহার করেন।


পরে রিভার বোন মুসকান প্রতিবাদ করেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে এই বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে রিভা ও তার বোন তাকে আটকে মুম্বই পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানসিকভাবে বেশ বিপর্যস্ত রিভা। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা রিভা অরোরা রকস্টার, ভারত, গুঞ্জন সাক্সেনা এবং মম’র মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।