বিনোদন ডেস্ক।।
গত নভেম্বরে বিসিবি’র অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সফল করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা রুবাবা দৌলা। প্রায় পাঁচ মাসের দায়িত্বকালীন সময়ে তার জীবনে যুক্ত হয়েছে অসংখ্য অভিজ্ঞতা। নেপথ্যের সেই অভিজ্ঞতাই তিনি প্রথমবার শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হবে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে রুবাবা দৌলা বলেছেন, তার জীবনের না বলা অনেক কথা।
Pause
ছোটবেলায় দাদাকে দেখে আইনজীবী এবং বাবাকে দেখে সেনাবাহিনী প্রধান হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে ভাগ্যের পরিক্রমায় পড়াশোনা শেষ করেই ১৯৯৮ সালে যোগ দিয়েছিলেন করপোরেট জগতে। ক্রীড়া অনুরাগী রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেন। তৎকালীন সময়ে তিনি নারী খেলোয়াড়দের পুরস্কার মূল্য যেন পুরুষ খেলোয়াড়দের পুরস্কার মূল্যের সমপরিমাণ হয়, সে ব্যাপারে পদক্ষেপ নিয়ে সফলও হয়েছিলেন।
প্রায় ১০২ মিনিটের পডকাস্টে রুবাবা দৌলা স্মরণ করেছেন তার ফুপু নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম, প্রয়াত ফুপাতো ভাই শাফিন আহমেদসহ পরিবারের অন্য সদস্যদের। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।











































