Home খেলাধুলা সতীর্থকে মারধরের অভিযোগে তদন্তের মুখে নেইমার

সতীর্থকে মারধরের অভিযোগে তদন্তের মুখে নেইমার

4

স্পোর্টস ডেস্ক।।

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে এমনিতেই শঙ্কা কাটছে না নেইমারের। এর মধ্যেই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়লেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। ক্লাব সতীর্থকে শারীরিকভাবে আঘাত করার গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সান্তোস কর্তৃপক্ষ।

গত রোববার সান্তোসের অনুশীলনে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, অনুশীলনের সময় দুর্দান্ত এক ড্রিবলিংয়ে নেইমারকে অনায়াসেই কাটিয়ে এগিয়ে যাচ্ছিলেন তরুণ রবিনহো জুনিয়র। সিনিয়র খেলোয়াড় হিসেবে বিষয়টি হয়তো সহজভাবে নিতে পারেননি নেইমার। কিছুটা বিরক্ত হয়ে তিনি পা দিয়ে বাধা দিয়ে রবিনহো জুনিয়রকে ফেলে দেন।

পড়ে যাওয়ার পর রবিনহো জুনিয়র প্রতিবাদ করলে দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত কথা কাটাকাটি। পরিস্থিতি এক পর্যায়ে হাতাহাতির উপক্রম হলে দ্রুত সতীর্থরা এগিয়ে এসে দুজনকে আলাদা করেন। ঘটনার পর রবিনহো জুনিয়র মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলেও জানা গেছে।

বিষয়টি নিয়ে সান্তোস ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার পরপরই অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। এ তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের আইন বিভাগকে। বিবৃতিতে ক্লাবটি স্পষ্ট করেছে যে, তারা তাদের খেলোয়াড়দের মধ্যে এমন আচরণের অভিযোগে অত্যন্ত সচেতন এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রবিনহো জুনিয়র সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা রবিনহোর ছেলে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোস্পোর্তে জানিয়েছে, তিনি নেইমারের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’ উল্লেখ করে সান্তোস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চেয়েছেন এবং প্রয়োজনে চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন।

নেইমারের জনসংযোগ দপ্তর থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। তবে ইএসপিএন-এর সূত্র দাবি করেছে, ঘটনার পর নেইমার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়রকে ফোন করেছেন এবং তার পরিবারের কাছে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন।