ক্রীড়া প্রতিবেদক
বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। নভেম্বরে আবার তারা মাঠে নামছেন পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
এবার নারী ক্রিকেটারদের জন্যও সুখবর দিয়েছে বিসিবি। জানিয়েছে, ডিসেম্বরে নারী ক্রিকেটারদের ফেরানো হবে মাঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট স্থগিত হয় গত মার্চে। সেপ্টেম্বর থেকে তামিমরা মাঠে ফিরেছেন জৈব সুরক্ষা বলয়ে। তবে নারী ক্রিকেটাররা তখনও ছিলেন গৃহবন্দী। তবে সালমা, জাহানারা ছিলেন ব্যতিক্রম। মেয়েদের আইপিএলে ডাক পাওয়ায় তাদের অনুশীলনের ব্যবস্থা করে দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এবার পুরো দলই ফিরবে মাঠে।
নাদেল চৌধুরী বলেন, ‘ডিসেম্বরে আমরা মেয়েদের নিয়ে একটি টুর্নামেন্ট করবো। আমাদের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে শিগগিরই আমরা টুর্নামেন্টটা করবো।’ নিজেদের পরিকল্পনা নিয়ে তিনি আরো বলেন, ‘আমরা বিভাগীয় দলগুলো নিয়ে একটি টুর্নামেন্ট করবো। হয়তো এ মুহূর্তে কাবগুলো খেলতে রাজিহবে না।’ ফেব্রুয়ারিতে হয়েছিল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া হয়েছিল চ্যাম্পিয়ন। বাংলাদেশ এবারও বিশ্বকাপে ভালো কিছু করতে পারেনি। ভারতের সাবেক ক্রিকেটার আঞ্জু জৈনকে কোচ হিসেবে নিয়োগ দিলেও দল ভালো কিছু করতে পারেনি। বিশ্বকাপের পরপরই আঞ্জু জৈন বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। তখন থেকে নতুন কোচ খোঁজার কাজ শুরু হলেও এখনও চূড়ান্ত হয়নি।
নাদেল চৌধুরী জানালেন, ডিসেম্বর টুর্নামেন্টের আগেই বিদেশী কোচ চূড়ান্ত করবে বিসিবি। তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরে কোচ চূড়ান্ত করবো। মেয়েরা মাঠে নামার সঙ্গে সঙ্গে কোচ পেয়ে যাবে। করোনার কারণে কেউ এখন সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে না। আমরা এমন কাউকে নিয়োগ দিতে চাচ্ছি যিনি দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকতে পারবেন।’
দিল্লিকে লজ্জার হার উপহার দিল মুম্বাই
ক্রীড়া প্রতিবেদক
আইপিএলের চলতি আসরে সবচেয়ে ধারাবাহিক দল ভাবা হচ্ছিল দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছে দলটি। প্রথম ছয় ম্যাচের ৫টিতেই জয় পাওয়া দলটি পরের ৭ ম্যাচে হেরে গেছে ৫টিতেই। এর মধ্যে সর্বশেষ ৪ ম্যাচেই হার।
গতকাল শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে দিল্লি। এর আগের দেখায় এই মুম্বাইয়ের কাছেই ৫ উইকেটে হেরেছিল দলটি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে ১ উইকেট হারিয়ে ৩৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুম্বাই। দিল্লির ছুড়ে দেওয়া লক্ষ্য তাড়ায় মুম্বাইয়ের দুই ওপেনার ইশান কিশান ও কুইন্টন ডি কক মিলে ৬৮ রানের জুটি গড়েন। মূলত এই জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ২৮ বলে ২৬ রান করে ডি কক বিদায় নিলেও অপরপ্রান্তে রানের ফোয়ারা ছুটিয়ে গেছেন ইশান। ৪৭ বলে অপরাজিত ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। ইনিংসটি খেলার পথে ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়া সূর্যকুমার যাদব করেছেন ১২ রান। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার শিখর ধাওয়ানের (০) উইকেট হারায় দিল্লি। এরপর মুম্বাইয়ের বোলারদের তোপে নিয়মিত উইকেট খুইয়েছে শ্রেয়াস আইয়ারের দল। দিল্লির হয়ে বলার মতো রান এসেছে অধিনায়ক আইয়ারের (২৫) ব্যাট থেকেই। এছাড়া দুই অংকের গ-ি ছাড়িয়েছেন ঋষভ পান্ত (২১), রবীচন্দ্রন অশ্বিন (১২), কাগিসো রাবাদা (১২) ও পৃথ্বী শ (১০)। মুম্বাইয়ের পেসার ট্রেন্ট বোল্ট ও জাসপ্রীত বুমরাহ ৩টি করে উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন নাথান কোল্টার-নাইল ও রাহুল চাহার।
এই নিয়ে ১৩ ম্যাচে ৯ জয় নিয়ে শীর্ষে থাকা মুম্বাই ১৮ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল। অবশ্য আরও আগেই দলটির প্লে-অফ নিশ্চিত হয়েছে। এখন শীর্ষে থাকাও নিশ্চিত হলো দলটির। অন্যদিকে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখনও তৃতীয় স্থানে আছে দিল্লি।
নেপাল ম্যাচের জন্য জামাল ভূঁইয়াদের প্রস্তুতি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর নভেম্বরে বাংলাদেশে ফিরছে ফুটবল। ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ দলের ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের নেপালের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য দীর্ঘ প্রস্তুতির অনুশীলন চলে। জামাল ভূঁইয়া, তারিক কাজী সহ দলের সব ফুটবলার নিজেদের প্রস্তুত করছেন। উক্ত প্রশিক্ষণের অংশ হিসেবে ফুটবলাররা শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটা ট্রেনিং সেশন এবং ফিটনেস বৃদ্ধির অনুশীলন সম্পন্ন করে। স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের সকল ফুটবলারসহ অন্যান্য টেকনিক্যাল স্টাফও উপস্থিত ছিলেন।
তাবিথকে হারিয়ে চতুর্থ সহসভাপতি মহি
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। গতকাল শনিবার চতুর্থ সহসভাপতি পদের পুনঃনির্বাচনে সমন্বয় পরিষদের মহিউদ্দিন মহি ৬৭-৬৩ ভোটে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালকে।
গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে প্রথম তিনটি সহসভাপতি পদে ফলাফল হলেও, সমান ৬৫টি করে ভোট পেয়ে টাই করেছিলেন সর্বশেষ কমিটির এ দুই সহসভাপতি। তখন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন পুনঃভোটের জন্য ৩১ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিলেন। সে মোতাবেক গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩০ জন উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন।
আরামবাগে ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য
ক্রীড়া প্রতিবেদক
সুব্রত ভট্টাচার্য ভারতীয় এ ফুটবল কোচের নামটি বাংলাদেশেও পরিচিত। ২০১৭ সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন। এবার তিনি ঢাকায় এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক দল আরামবাগ ক্রীড়া সংঘের দায়িত্ব নিয়ে। গতকাল শনিবার কলকাতা থেকে ঢাকায় এসেছেন ৫৯ বছর বয়সী এই কোচ।
এক সপ্তাহ আগেই তার ঢাকায় আসার কথা ছিল। তবে সড়কপথে আসতে গিয়ে বেনাপোল থেকে তিন সহকারী কোচসহ ফেরত যেতে হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ছাড়পত্র না থাকায়। তিন সহকারী কোচ চন্দন রাঠোর, ফিজিও সঞ্জয় বোস ও ম্যাসিয়ার গনেশ দালুইসহ দুপুরে ঢাকায় এসেছেন সুব্রত। আরামবাগের কন্ডিশনিং ক্যাম্প হবে নীলফামারীতে। তাই হযরত শাহজালাল বিমান বন্দর থেকেই তিনি সহকারীদের নিয়ে চলে গেছেন নীলফামারী। বুধবার থেকে অনুশীলন শুরু হওয়ার কথা আরামবাগ ক্রীড়া সংঘের।
বসুন্ধরা কিংসে চিলির অস্কার
ক্রীড়া প্রতিবেদক
এরনান বার্কোসকে ছেড়ে দেওয়ার পর ভালো একজন ফরোয়ার্ডের খোঁজে ছিল বসুন্ধরা কিংস। প্রত্যাশা অনুযায়ী পেয়েও গেছে তারা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান রাউল অস্কার বেসেরাকে দলে টেনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা।
এই ফরোয়ার্ডকে আগামী এক বছরের জন্য দলে নেওয়ার কথা নিশ্চিত করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। চুক্তির বিষয়ে বিস্তারিত না জানালেও অস্কারকে দিয়ে বার্কোসের শূন্যস্থান পূরণে আশাবাদী তিনি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সর্বশেষ কাতারের শীর্ষ লিগের দল উম সালাল এসসির হয়ে খেলেছেন। আর্জেন্টিনা বা চিলির জাতীয় দলে কখনও খেলার সুযোগ মেলেনি ৬ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যরে এই ফুটবলারের। ২০২০-২১ মৌসুম সামনে রেখে কদিন আগে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়ো ও জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস এবং ইরানের ডিফেন্ডার খালেদ শাফিইকে দলে টানে বসুন্ধরা কিংস।
গেইলের এক হাজার ছক্কার রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঝড় তুলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ইনিংসের দ্বিতীয় ওভারে তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি আউট হয়েছে শেষ ওভারের চতুর্থ বলে। মাঝের ১৮.৪ ওভারে গেইল একাই খেলেছেন ৬৩ বল, রান করেছেন ৯৯।
জোফরা আর্চারের করা শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ৯৯ রানে পৌঁছে যান গেইল, যা ছিল ইনিংসে তার অষ্টম ছক্কা। ঠিক এরপরের বলেই দারুণ এক ইয়র্কারে গেইলকে বোল্ড করে দিয়েছেন আর্চার। ফলে এক রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন গেইল। সেই হতাশাও আবার তাৎক্ষণিকভাবেই ঝেড়ে দেন তিনি। তবে ম্যাচটিতে সেঞ্চুরি করতে না পারলেও, ক্যারিয়ারে ছক্কার হাজার পূরণ করেছেন গেইল। আর্চারের ওভারে অষ্টম ছক্কা হাঁকানোর আগে কার্তিক ত্যাগির বলে লেগ সাইডের লম্বা বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কার মালিক হয়েছেন গেইল। অথচ এই ফরম্যাটে ৭০০ ছক্কাও নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯০টি ছক্কা মেরেছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড। তার চেয়ে ৩১১টি বেশি ছক্কা হাঁকিয়েছেন গেইল। ছক্কার এই হাজার পূরণ করার পথে অনেক অনেক রেকর্ড গড়েছেন দ্য ইউনিভার্স বস।
স্বস্তির জয় পাকিস্তানের
ক্রীড়া প্রতিবেদক
ব্রেন্ডন টেইলের সেঞ্চুরির পরও হারল জিম্বাবুয়ে। শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে জিতেছে স্বাগতিক পাকিস্তান। ১১২ রান করে আউট হন টেইলর। দল হারলেও ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে টেইলরের হাতে।
এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের দেয়া ২৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৫৫ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। ব্যাট হাতে টেইলর ছাড়াও ভালো করেছেন আরভিন (৪১ রান) ও মাধিভিরে (৫৫ রান)। পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ মিলে ধসিয়ে দেন জিম্বাবুয়েকে। শাহীন আফ্রিদি ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। ৯.৪ ওভারে ৪১ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। বাকি একটি উইকেট ইমাদ ওয়াসিমের দখলে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন হারিস সোহেল। ৫৮ রান করেন ইমাম-উল-হক। ৩৪ রান করে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে মুজারাবানি ২টি, চিসোরো ২টি, সিকান্দার রাজা ১টি ও মুম্বা ১টি করে উইকেট শিকার করেন। এদিন পাকিস্তান ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত ২১ রানে ফিরে যান ওপেনার আবিদ আলী। ওয়ানডাউনে নামেন অধিনায়ক বাবর আজম। ১৮ বলে ১৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর ইমাম-উল-হক ও হ্যারিস সোহেল দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দলীয় ১১৯ রানে ইমাম-উল-হক ফিরলে ভাঙে এই জুটি। তারপর হারিস ও রিজওয়ান ৪২ রানের পার্টনারশিপ করেন। সাত নম্বরে নেমে ফাহিম আশরাফ ১৬ বলে ২৩ রান করেন। আর আট নম্বরে নেমে ইমাদ ওয়াসিম ২৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।
১৯ দিন পর করোনামুক্ত হলেন রোনালদো
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে পুরোপুরি করোনাভাইরাস মুক্ত হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিন ১৯ দিন প্রাণঘাতী এ ভাইরাস শরীরে বহন করার পর, শুক্রবার করোনা পরীক্ষায় নেগেটিভ সনাক্ত হয়েছেন ইতালিয়ান কাব জুভেন্টাসের এই তারকা ফুটবলার।
গত ১৩ অক্টোবর জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস কাপের ম্যাচ খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন রোনালদো। পরে দুইবার টেস্ট করালে তখনও পজিটিভ আসে তার নমুনার ফল। যার ফলে তাকে ১৯ দিন থাকতে হয়েছে আইসোলেশনে। করোনায় আক্রান্ত হওয়ায় গত বুধবার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগটি হাতছাড়া হয়েছে রোনালদোর। এখন মেসির বার্সেলোনার বিপক্ষে খেলতে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে জুভেন্টাসকে।
হালেপ করোনাভাইরাসে আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নারী এককে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা ২৯ বছর বয়সী হালেপ নিজেই শনিবার এক টুইটে করোনাভাইরাসে আক্রান্তের খবর দেন।
“সবাইকে জানাতে চাই, কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি। বাড়িতে সেলফ-আইসোলেশনে আছি এবং মৃদু উপসর্গ থেকে সেরে উঠছি। আমি ভালো বোধ করছিৃ সবাই মিলে আমরা এই অবস্থা কাটিয়ে উঠব।”
বিগ ব্যাশে খেলবেন না স্মিথ
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে জৈব-সুরক্ষা বলয়ে আবদ্ধ থাকতে-থাকতে কান্ত, সদ্যই এমন মন্তব্য করেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। আর এই জৈব-সুরক্ষা বলয়ের কড়াকড়ি নিয়মের কারণেই নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
চলতি বছরের আগস্টে ইংল্যান্ড সফরে যায় অস্ট্রেলিয়া। ঐ সফর থেকেই জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে আছেন স্মিথ। ইংল্যান্ড সফরের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যান তিনি। আইপিএলের আসরেও জৈব-সুরক্ষা বলয়ে মধ্যে থাকতে হচ্ছে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা স্মিথকে। আগামী মাস থেকে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানেও জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে স্মিথকে। বিগ ব্যাশ খেলতে গেলেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। তাই পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকতে হবে বলে বিগ ব্যাশে না খেলার কথা জানান স্মিথ, ‘সত্যি করে যদি বলি, আসলে বিগ ব্যাশে খেলার কোন সুযোগ নেই। জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই ক্রিকেট খেলতে হচ্ছে।
ম্যানসিটিতেই থাকতে চান গার্দিওলা
ক্রীড়া প্রতিবেদক
বার্সেলোনায় ফিরে যাবার থেকে ম্যানচেস্টার সিটিতেই থাকতে চান পেপ গার্দিওলা। সিটি বস নিজেই এই আগ্রহের কথা প্রকাশ করেছেন। আগামী গ্রীষ্মে ইতিহাদ স্টেডিয়ামের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে গার্দিওলার।
বার্সেলোনার সভাপতি প্রার্থী হিসেবে এগিয়ে ভিক্টরফন্ট ইতোমধ্যেই ঘোষনা দিয়েছেন নির্বাচনে জয়ী হতে পারলে তার প্রথম কাজই হবে ৪৯ বছর বয়সী এই কোচকে আবারো ক্যাম্প ন্যুতে ফিরিয়ে নিয়ে আসা। আগামী মাসে অনাস্থা ভোটের সম্ভাবনায় একটু আগে ভাগেই বোর্ড পরিচালকদের নিয়ে পদত্যাগ করেছেন বার্সার বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।
গার্দিওলা অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টারে তিনি দারুন স্বস্তিতে আছেন, আনন্দেই আছেন। সিটি বস বলেন, ‘আমি এখানে সত্যিই দারুন খুশী। আশা করছি এই মৌসুমে ভাল কিছু করতে পারার বিনিময়ে আরো দীর্ঘদিন এই কাবে থাকার সুযোগ হবে।’
তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে
ক্রীড়া প্রতিবেদক
অন্তত তিন ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। বুধবার চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাসেকসাহিরের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চোট কতোখানি গুরুতর সেটা জানা গেল দুই দিন পর। পিএসজি কোচ থমাস তুখল বলেছেন, আন্তজার্তিক বিরতির আগে নেইমারকে আর দলে পাওয়ার সম্ভাবনা নেই।
আন্তর্জাতিক বিরতির আগে লিগে দুইটি ও চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে একটি ম্যাচ খেলবে পিএসজি। এই তিন ম্যাচেই থাকবেন না নেইমার। নভেম্বরের ১৪ তারিখ ভেনেজুয়েলা ও ১৮ তারিখ উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। তুখল বলছেন, ব্রাজিলের হয়ে এই দুই ম্যাচে খেলা নেইমারের পক্ষে সম্ভব নয়।
ওয়েস্কাকে হারিয়ে শীর্ষে রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকালে লা লিগা ম্যাচে ৪-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ শুরু থেকেই চেপে ধরে ওয়েস্কাকে।
আক্রমণাত্মক ফুটবল খেললেও রিয়াল ভাঙতে পারছিল না ওয়েস্কার জমাট রক্ষণ। শেষ পর্যন্ত দূরপাল্লার আচমকটা শটে মেলে সাফল্য। ৪০তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে এগিয়ে নেন আজার। ভালভেরদের কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি। কিছুই করার ছিল না গোলরক্ষকের। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। লুকাস ভাসকেসের চমৎকার ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার। হাত ছোঁয়াতে পেরেছিলেন গোলরক্ষক কিন্তু বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ায় রিয়াল। বেনজেমার ক্রসে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ভালভেরদে। ডি বক্সে স্বাগতিকদের কোনো খেলোয়াড়ই এই দুইজনকে চ্যালেঞ্জ জানাতে আসেননি। রিয়ালের হয়ে এই প্রথম একই ম্যাচে গোল ও অ্যাসিস্টের অভিজ্ঞতা হলো উরুগুয়ের তরুণ মিডফিল্ডার ভালভেরদের। খেলার ধারার বিপরীতে ৭৪তম মিনিটে ব্যবধান কমায় ওয়েস্কা। মিরের ক্রসে খুব কাছ থেকে দারুণ স্লাইডে জাল খুঁজে নেন ফেরেইরো। আক্রমণাত্মক ফুটবল খেলে যাওয়া রিয়াল ৯০তম মিনিটে আবার তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন বেনজেমা।
জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি
ক্রীড়া প্রতিবেদক
স্থানীয় সময় গতকাল শনিবার দুপুরে হওয়া ম্যাচটি ১-০ গোলে জিতেছে সিটি। একমাত্র গোলটি করেন কাইল ওয়াকার। অবশ্য ব্যবধান আরও বাড়তে পারতো, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় তা হয়নি।
লিগে শেষ চার ম্যাচে মাত্র একটিতে জেতা সিটি অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায়। জোয়াও কানসেলোর ক্রসে ছয় গজ বক্সের মাথায় ফেররান তরেসের হেড সহজেই পাঞ্চ করে ফেরান শেফিল্ড গোলরক্ষক। শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা সিটির সামনে ত্রয়োদশ মিনিটে আরেকটি সুযোগ এসেছিল। কেভিন ডে ব্রুইনের কর্নার খুঁজে পায় এমেরিক লাপোর্তকে। তবে ১০ গজ দূর থেকে পোস্টের বাইরে দিয়ে শট নেন এই ফরাসি ডিফেন্ডার।
২৩তম মিনিটে খুব কাছ থেকে তরেসের শট ফেরান গোলরক্ষক। পরের মিনিটে ডি বক্সের ভেতর থেকে বল উড়িয়ে মারেন রিয়াদ মাহরেজ। আক্রমণের ধারাবাহিকতায় ২৮তম মিনিটে এগিয়ে যায় সিটি। ডে ব্রুইনের পাসে ২০ গজ দূর থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার ওয়াকার। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা সিটি গোলের উদ্দেশে শট নেয় ১০টি, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, নিজেদের প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকা শেফিল্ডের গোলের উদ্দেশে নেওয়া ২ শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।
৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু মাহরেজের নিচু ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। ৭০তম মিনিটে ম্যাচে ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল শেফিল্ড। বাইলাইন থেকে সতীর্থের বাড়ানো বল উড়িয়ে মারেন ইংলিশ মিডফিল্ডার জন লুন্ডস্ট্রাম। শেষ দিকে খুব কাছ থেকে বের্নার্দো সিলভার শট গোলরক্ষক ফেরালে আর ব্যবধান বাড়েনি সিটির।










































