নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের প্রবেশ মুখে সদর উপজেলার বর্নিবাজার এলাকায় সাইনবোর্ডে চোখে পড়ে বড় বড় অক্ষরে লেখা ‘স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল জেলা’। তবে, শহরে প্রবেশ করলে দেখা মেলে ভিন্ন চিত্র| ভিক্ষুকমুক্ত বাক্যটি সাইন বোর্ডেই সীমাবদ্ধ| পুনর্বাসিত করা ভিক্ষুকদের একটি বড় অংশই আবার ফিরে এসেছেন এই পেশায়| শুধু তাই নয়, অন্য জেলা থেকেও ভিক্ষুক এসে ভিড় করছে নড়াইল শহরে|
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জেলা প্রশাসনের উদ্যোগে ৭৯৮ জন ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় আনা হয়| জেলার তিনটি উপজেলার ৩৯টি ইউনিয়নের ভিক্ষুকদের চিহ্নিত করে তাদের গরু, ছাগল, হাঁস-মুরগি, সেলাই মেশিন, ভ্যান, ছোট দোকান, ওজন পরিমাপক যন্ত্র, টিন ও নগদ অর্থসহ নানা উপকরণ দেওয়া হয়| পাশাপাশি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে তহবিল গঠন করে ঋণ সুবিধাও দেওয়া হয়েছিল। অনেক ভিক্ষুককে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়| কিন্তু, কয়েক বছর যেতে না যেতেই সেই উদ্যোগের কার্যকারিতায় ভাটা পড়ে|
ভিক্ষুকরা জানান, পুনর্বাসন সমগ্রী ছিল অপর্যাপ্ত| তাদের অনেকেই অভাবের কারণে পুনর্বাসন সমগ্রী বিক্রি করে দিয়েছেন| অনেকেই দাবি করেছেন, তালিকায় নাম না থাকায় পুনর্বাসন সমগ্রী পাননি তারা| যে কারণে বাধ্য হয়ে এই পেশায় থাকতে হচ্ছে তাদের|
গত বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ভিক্ষা করতে দেখা যায় ফিরোজ কাজী নামে এক ব্যক্তিকে| তিনি হুইল চেয়ারে বসে ভিক্ষা করছিলেন| পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “যশোরের জামদিয়া ইউনিয়নের ভিটেবলা গ্রাম থেকে ভিক্ষা করতে এসেছেন|”
অন্য জেলার লোক এ জেলায় কেন জানতে চাইলে ফিরোজ কাজী বলেন, “নড়াইল জেলার ভিক্ষুক যশোর ভিক্ষা করেন| এলাকার ভিক্ষুককে এলাকার লোক ভিক্ষা দেয় না| তাই নড়াইল এসেছেন|”
বিকেলে নড়াইল জেলা শহরের রূপগঞ্জ বাজারে ভিক্ষা করতে দেখা যায় মির্জাপুর গ্রামের আছিরন নামের এক বৃদ্ধাকে| ২০১৭ সালে ভিক্ষা ছেড়ে অন্য পেশায় যাওয়ার জন্য তাকে আর্থিক সহযোগিতা করেছিল জেলা প্রশাসন| তার দাবি, তাকে শুধু ভাতার টাকা দেওয়া হয়েছিল| তার ভাষায়, “ভিক্ষা না করলে পেট চলবে কীভাবে’|
শুধু এই দুজনই নয়, নড়াইল শহরের বাস টার্মিনাল, বিভিন্ন মার্কেট, ভিক্টোরিয়া কলেজ চত্বর, সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠান, প্রেস ক্লাব চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভিক্ষা করতে দেখা যায় অনেক ভিক্ষুককে|
নড়াইল বাজারের কাপড় ব্যবসায়ী আলিম বলেন, “যশোরের ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রত্যেক হাটবারে নড়াইল গোহাটখোলায় নামে| সেখান থেকে তারা দল বেধে জেলা শহরে ভাগ হয়ে সারাদিন ভিক্ষা শেষে আবার একসঙ্গে ধলগাঁ চলে যান| ভিক্ষুকদের জ্বালায় আমরা অতিষ্ঠ|”
নড়াইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার সরকার বলেন, “ভিক্ষাবৃত্তি দূর করতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি আমাদের নিয়মিত কর্মসূচির অংশ| আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমš^য় করে ভিক্ষুকদের চাহিদা অনুযায়ী সহায়তা দিয়ে থাকি| অনেকে ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য পেশায় গেছে| তবে, বাইরের জেলা থেকে ভিক্ষুক আসায় বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে|”











































