তপু বিশ্বাস
টানা ৭ দিনের ঈদের ছুটি চললেও ফাঁকা হয়নি খুলনা নগরী। ঈদকে সামনে রেখে নগরজুড়ে জমে উঠেছে কেনাকাটা, আর তাতে বিপণিবিতান থেকে ফুটপাত—সবখানেই দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
নগরীর প্রধান প্রধান মার্কেট ও সড়ক ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। পোশাক, জুতা, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। গত কয়েক দিনে ক্রেতা সমাগম কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন তারা।
শুধু মার্কেটেই নয়, ফুটপাতজুড়েও বসেছে অসংখ্য অস্থায়ী দোকান। কম দামে পণ্য পাওয়ায় অনেক ক্রেতা ফুটপাতমুখী হওয়ায় সড়কের একাংশ কার্যত দখল হয়ে গেছে। এতে পথচারীদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে তীব্র চাপ।
এদিকে ঈদ উপলক্ষে নগরীতে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ মোড় থেকে অলিগলি—সবখানেই সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে নগরবাসীকে।
বিশেষ করে অনিয়ন্ত্রিত ইজিবাইক, মোটরচালিত রিকশা এবং যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অনেক স্থানে ফুটপাত দখল ও অস্থায়ী স্ট্যান্ড তৈরি হওয়ায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
নগরবাসীর অভিযোগ, ঈদের কেনাকাটার চাপে প্রশাসনের তদারকি কম থাকায় বিশৃঙ্খলা বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে সামনে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মাঠে কাজ করছে এবং মার্কেট ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
তবে সব মিলিয়ে বলা যায়-ছুটি থাকলেও স্বস্তি নেই খুলনা নগরবাসীর; ঈদের আনন্দের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড় আর যানজটের দুর্ভোগ।












































