Home Lead বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফের মেলার তোড়জোড়, ক্ষোভে ফুঁসছে ক্রীড়াঙ্গন

বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফের মেলার তোড়জোড়, ক্ষোভে ফুঁসছে ক্রীড়াঙ্গন

30

স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীতে নারীদের জন্য একমাত্র খেলার মাঠ হিসেবে পরিচিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আবারও মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়ায় ক্ষোভে ফুঁসছে ক্রীড়ানুরাগী ও সংশ্লিষ্ট মহল। এতে নারীদের খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এই মাঠটিতে দীর্ঘদিন ধরে নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ, অনুশীলন ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়ের টুর্নামেন্ট এবং জাতীয় পর্যায়ের খেলাধুলার আয়োজনও হয়ে থাকে এখানে। অথচ এই গুরুত্বপূর্ণ মাঠটিই ফের বাণিজ্যিক মেলার জন্য বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের অধীনস্থ এই মাঠটি বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনকে এক মাসের জন্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে গত ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেলার জন্য মাঠ বরাদ্দ দেওয়া হলে ব্যাপক সমালোচনার মুখে তা বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি নতুন করে আবারও মেলার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

ক্রীড়া সংগঠকরা বলছেন, এক মাসের মেলার কারণে বাস্তবে প্রায় দুই মাস মাঠটি খেলাধুলার জন্য অচল হয়ে পড়ে। কারণ, মেলা শুরুর আগে প্রস্তুতির জন্য অন্তত ১৫ দিন এবং মেলা শেষে মালামাল সরাতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগে। ফলে দীর্ঘ সময় ধরে খেলাধুলা বন্ধ রাখতে হয়, যা নারী ক্রীড়াবিদদের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তারা আরও জানান, সামনে ঈদের পর একাধিক ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ ক্যাম্প নির্ধারিত রয়েছে। এই সময়ে মাঠটি বন্ধ হয়ে গেলে নারী খেলোয়াড়রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের প্রস্তুতিও ব্যাহত হবে।

এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “আমার নিয়ন্ত্রণাধীন এলাকায় সব ধরনের মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মাঠটি ক্রীড়া পরিষদের অধীনে। সেখানে মেলা হলে শিশুদের খেলাধুলা বন্ধ রাখতে হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।”

অন্যদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার তাজুল ইসলাম জানান, “শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এই মুহূর্তে কাউকে মেলার আয়োজন করতে দেওয়া হবে না।”

সব মিলিয়ে, নারীদের একমাত্র খেলার মাঠে বারবার মেলা আয়োজনের উদ্যোগ ক্রীড়াঙ্গনে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন, যাতে নারীদের খেলাধুলার পরিবেশ অক্ষুণ্ন থাকে।