Home Lead ধর্ষণ মামলার দ্রুত বিচারে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠনের সিদ্ধান্ত

ধর্ষণ মামলার দ্রুত বিচারে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠনের সিদ্ধান্ত

12

ঢাকা অফিস।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে টানা সাত দিনের সরকারি ছুটি চললেও দাপ্তরিক কার্যক্রমে বিরতি নেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) ছুটির দিনেও সকাল থেকে সচিবালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক ও মন্ত্রিসভার বিশেষ সভায় সভাপতিত্ব করেন তিনি। দিনব্যাপী এসব বৈঠক থেকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধ দ্রুত বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত হয়ে দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়।

তিনি আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা। সরকারের এই পদক্ষেপকে আইন-শৃঙ্খলা ও বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে আসন্ন মৌসুমে আগাম বন্যা ও শিলাবৃষ্টির কারণে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঈদের ছুটির মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ত্রাণ ও কৃষি মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত কর্মপন্থা নির্ধারণ এবং মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সর্বোচ্চ সতর্ক থাকার কথাও বলা হয়েছে।

সকালে সচিবালয়ে পৌঁছেই প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল প্রকৌশলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদেশি যন্ত্রপাতির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে টেকসই সমাধান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রকৌশলীদের কাছ থেকে সম্ভাব্য প্রযুক্তিগত সমাধান ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী।

পরবর্তীতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সংশ্লিষ্ট প্রশাসকরা জানান, সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব বৃদ্ধির উদ্যোগ গ্রহণ, সেবার মান উন্নয়ন এবং বর্ষা মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দুপুর দুইটায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ অধ্যাদেশ ২০২৫-কে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া ‘কৃষক কার্ড’ প্রণয়ন সংক্রান্ত সেলের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হবে। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই প্রি-পাইলটিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশের ১১টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

সার্বিকভাবে, ঈদের ছুটির মধ্যেও প্রধানমন্ত্রীর এই কর্মব্যস্ততা সরকারের নীতি বাস্তবায়ন ও জনকল্যাণমূলক উদ্যোগে গতিশীলতারই প্রতিফলন—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।