স্পোর্টস ডেস্ক।।
নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক আমেলিয়া কের দুর্দান্ত ব্যাটিংয়ে গড়েছেন নতুন এক বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে প্রথম পাঁচ ইনিংসে সবচেয়ে বেশি রান করার কীর্তি এখন তার দখলে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অসাধারণ ইনিংস খেলেন কের। নিউ জিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভাল মাঠে তিনি ৪৪ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই ইনিংসের মাধ্যমে অধিনায়ক হিসেবে প্রথম পাঁচ ইনিংসে তার মোট রান দাঁড়ায় ৩০১, যা নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল রোমানিয়ার অধিনায়ক রেবেকা ব্লেকের দখলে। অধিনায়ক হিসেবে প্রথম পাঁচ ইনিংসে তিনি করেছিলেন ২৫০ রান। তালিকায় আরও আছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক সোফি ডিভাইন, যার সংগ্রহ ছিল ২১৭ রান।
ম্যাচে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। প্রথম বলেই রান আউট হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ইজি গেজ। এরপর ক্রিজে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কের। দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চাপ সৃষ্টি করে দ্রুত রান তুলতে থাকেন তিনি।
কেরের এই ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে নিউ জিল্যান্ড। জবাবে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৭ উইকেটে করতে পারে ১১০ রান। ফলে ৮০ রানের বড় ব্যবধানে জয় পায় নিউ জিল্যান্ড।
ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রেখে ম্যাচসেরা নির্বাচিত হন কের। নিয়মিত অধিনায়ক হওয়ার পর থেকেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে করেছিলেন অপরাজিত ১০১ ও ৮২ রানের দুটি ইনিংস।









































