স্পোর্টস ডেস্ক।।
বরাবরের মতোই রোমাঞ্চ ও নাটকীয় সব মুহুর্তের সাক্ষী হলো উয়েফা চ্যাম্পিয়নস লীগ। শেষ ষোলোর প্রথম লেগে নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে হারতে হারতে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বার্সেলোনা। ৮৬তম মিনিটে গোল খাওয়ার পর নির্ধারিত সময়ের যোগ করা ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন লামিন ইয়ামাল।
অন্যদিকে, গ্যালাতাসারেইয়ের কাছে ফের হার দেখলো লিভারপুল। তুরস্কের ক্লাবটির কাছে ইংলিশ জায়ান্টদের হার ১-০ গোলে। এর আগের লীগ পর্বের সাক্ষাতেও জিততে পারেনি অলরেডরা।
রাতের হাইভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে পাত্তাই পায়নি টটেনহ্যাম হটস্পার। ১৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে ইংলিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো হয়নি। ৫-২ গোলের জয় তুলে নেয় মাদ্রিদের ক্লাবটি।
অন্য ম্যাচে, ইতালিয়ান ক্লাব আতালান্তাকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। মূল স্ট্রাইকার হ্যারি কেইন না খেললেও বড় জয় তুলে নিতে মোটেই অসুবিধা হয়নি বাভারিয়ানদের।











































