Home আঞ্চলিক হুইপ রকিবুল ইসলাম বকুল আসছেন খুলনায়, তিন দিনের সফর

হুইপ রকিবুল ইসলাম বকুল আসছেন খুলনায়, তিন দিনের সফর

101


স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তিন দিনের সফরে খুলনায় আসছেন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম খুলনা সফর। প্রিয় এই নেতাকে বরণ করে নিতে খুলনা নগরীজুড়ে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে আনন্দ ও প্রত্যাশার আবহ।


দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ এবং নেতৃত্বের মাধ্যমে খুলনার রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন রকিবুল ইসলাম বকুল। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি শুধু একজন সংসদ সদস্য নন; বরং একজন অভিভাবকসুলভ নেতা, যিনি সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছেন। খুলনা বিএনপির রাজনীতিতে ‘ক্যাপটেন’ হিসেবে পরিচিত এই নেতার আগমনকে ঘিরে নগরীজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিচ্ছেন।


সফরসূচি অনুযায়ী, ৯ মার্চ দুপুর ১২টায় দৌলতপুর মহসীন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি। এ সময় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করবেন এবং শিক্ষা উন্নয়নে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলবেন। পরে বিকাল ৫টায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।


পরদিন ১০ মার্চ সকাল ১০টায় নয়াবাটি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের এই হুইপ। অনুষ্ঠানে তিনি সুবিধাভোগী পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। বিকাল ৫টায় ডিইএ আয়োজিত আরেকটি ইফতার মাহফিলেও অংশগ্রহণ করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে ওইদিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন বলে জানা গেছে।


সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো প্রিয় নগরীতে ফিরে আসছেন রকিবুল ইসলাম বকুল। তাই তার আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস ও আবেগঘন প্রতীক্ষা। অনেকেই এটিকে খুলনার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টির মুহূর্ত হিসেবে দেখছেন।


স্থানীয় নেতাকর্মীরা বলেন, রকিবুল ইসলাম বকুল সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সংগ্রামী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়েও তিনি কখনও পিছপা হননি। তাঁর এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং খুলনার মানুষের সঙ্গে তাঁর হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ হয়ে উঠবে বলেই সবাই প্রত্যাশা করছেন।