Home খেলাধুলা হাঁফ ছেড়ে তরুণদের ধন্যবাদ দিলো রিয়াল

হাঁফ ছেড়ে তরুণদের ধন্যবাদ দিলো রিয়াল

4


স্পোর্টস ডেস্ক।।

স্বস্তি ফিরলো রিয়াল মাদ্রিদ শিবিরে। স্প্যানিশ লা লিগায় টানা দুই হারের পর জয়ের মুখ দেখলো মাদ্রিদের ক্লাবটি। সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলের জয়ের দিনও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় রিয়াল। অহেলিয়ে চুয়ামেনি দ্রুতই অল হোয়াইটদের এগিয়ে নেয়ার পর বিরতির আগেই সমতায় ফেরে সেল্টা। সেখান থেকে জয়সূচক গোলটি পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত। সেখানে সুপ্রসন্ন ভাগ্যের কথাও বলতে হবে। নির্ধারিত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে ফেদেরিকো ভালভার্দের শটটি প্রতিপক্ষের গায়ে লেগে দিক পাল্টে জালে ঢোকে। তবে বড় আলোচনা হচ্ছে রিয়ালের চোট সমস্যা এবং তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে। চোট ও নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত দলের ১০ জন নিয়মিত খেলোয়াড়। তাই এদিন একাডেমি থেকে আসা তিয়াগো পিটারচ এবং সিজার প্যালাসিওসদের ওপর ভরসা রাখতে হয় অল হোয়াইটদের। ম্যাচের পর সেই তরুণ ফুটবলারদের ধন্যবাদ জানিয়ে ভিনিসিয়ুস জুনিয়র বলেন, ‘অনেক খেলোয়াড় না থাকলেও আমরা এখানে জিততে এসেছিলাম। যারা একাডেমি থেকে এসে আজ আমাদের সাহায্য করেছে, তাদের বিশেষ ধন্যবাদ। আসন্ন বড় ম্যাচের আগে (ম্যানচেস্টার সিটি) এই জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’
একই সুর শোনা যায় গোলকিপার থিবো কোর্তোয়ার কণ্ঠেও। তরুণদের সাহসিকতার প্রশংসা করে এ বেলজিয়ান তারকা বলেন, ‘দলের এমন কঠিন সময়ে যখন ১০ জন খেলোয়াড় বাইরে, তখন একাডেমি থেকে এসে খেলা সহজ নয়। তারা আজ নিজেদের জাত চিনিয়েছে।’
সেল্টার মাঠে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। একাদশ মিনিটে আর্দা গুলেরের পাস থেকে জোরাল শটে লিড এনে দেন চুয়েমেনি। ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরাও। ২৫তম মিনিটে দলকে সমতায় ফেরান সেল্টার বোর্হা ইগলেসিয়াস। বিরতি থেকে মাঠে ফিরে ৭০তম মিনিটে স্বাগতিকদের ফরোয়ার্ড ফেরান জুটগ্লার হাতে বল লাগলে পেনাল্টির জোরালো আবেদন জানায় রিয়াল খেলোয়াড়রা। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) দেখে উল্টো সেল্টাকে ফ্রি কিক দেন রেফারি। কেননা, ঠিক আগ মুহূর্তে এক প্রতিপক্ষ ফুটবলারকে ফেলে দেন চুয়ামেনি।

নির্ধারিত সময়ের যোগ করা সময়েও যখন সমতা, তখন ফের পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় রিয়াল। তখনই দলের ত্রাতা হয়ে আসেন অধিনায়ক ভালভার্দে। যোগ করা পঞ্চম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় সে গোলটি করেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন এ উরুগুইয়ান তারকা।