স্টাফ রিপোর্টার।।
যশোরের নওয়াপাড়ায় অবস্থিত আকিজ রিসোর্সের একটি কার্যালয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এজিএম বশির আলমের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, বশির আলম আকিজ রিসোর্সের ব্যবসায়িক কার্যালয়ে প্রবেশ করে একটি পিস্তল বের করেন। এরপর তিনি পিস্তল উঁচিয়ে ম্যাগাজিন লোড করে উপস্থিত সহকর্মীদের সামনে তা প্রদর্শন করেন এবং পরে কোমরের পেছনে প্যান্টের ভেতরে অস্ত্রটি লুকিয়ে রাখেন। অফিস কক্ষে সহকর্মীদের সামনে এভাবে অস্ত্র নাড়াচাড়া করায় সেখানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
এ বিষয়ে আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাটি তাদের নজরে ছিল না। বিষয়টি জানার পর বশির আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তাকে সাময়িকভাবে অফিসের সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।
আকিজ রিসোর্সের জনসংযোগ কর্মকর্তা মাকসুদ আলম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং আপাতত অফিসের কাজ থেকে বিরত রাখা হয়েছে।”
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এর আগেও বশির আলমকে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, মরহুম শিল্পপতি আকিজ উদ্দিনের পুত্র শেখ জসিম উদ্দিন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে ইনভেন্টরি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বশির আলম।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান বলেন, “ঘটনাটি নিয়ে থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”











































