স্টাফ রিপোর্টার।।
খুলনার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রাজধানীর পলওয়েল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে পল্টন থানা পুলিশের সহায়তা নেয় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা শওকতকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে খুলনায় আনার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা নগরীতে শওকত হোসেন ‘কালা শওকত’ নামে বহুল আলোচিত। চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি ও মাদক ব্যবসাসহ নানা অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে সমালোচিত। শেরে বাংলা রোড এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এক সময় দরিদ্র পরিবারে বেড়ে ওঠা শওকত রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। নগরীতে তার একাধিক বাড়ি, জমি ও গাড়ি রয়েছে বলে আলোচনায় রয়েছে।
এছাড়া ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানের দেওয়া ৩৩ হাজার মেট্রিক টন গম আত্মসাতের ঘটনায়ও তার নাম উঠে আসে। ওই ঘটনায় দুদকসহ বিভিন্ন সংস্থার তদন্তে শওকতসহ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছিল এবং এ বিষয়ে একাধিক মামলাও হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতার হওয়া শওকত হোসেন ওরফে কালা শওকতের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার সহযোগীদের ব্যাপারেও কাজ চলছে।











































