স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য এম নূরুল ইসলাম দাদু ভাই (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বুধবার সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল জানান, বুধবার ভোরে হঠাৎ করে এম নূরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার দুপুর ১২টায় মরহুম এম নূরুল ইসলামের মরদেহ নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে নেওয় হয়। সেখানে খুলনা মহানগর ও জেলা বিএনপি, বিভিন্ন থানা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বাদ আসর খুলনা সার্কিট হাউজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় কেসিসির মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অমিত ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক কুদরত-ই আমীর এজাজ খান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে মরহুমের লাশ নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুতে খুলনা বিএনপির ৩ দিনের শোক:
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুতে ৩ দিনের (বৃহস্পতিবার থেকে শনিবার) শোক ঘোষনা করেছে খুলনা বিএনপি। সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত খবর বিজ্ঞপ্তিতে জানা গেছে, শোক কর্মসূচির মধ্যে রয়েছে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতকা অর্ধনম্মিতকরণ, কালো পতকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, থানা পর্যায়ে দোয়া স্ব স্ব থানা বিএনপি নিজেদের সুবিধামত সময়ে পালন করবে, বাদ জুম্মা ওয়ার্ড/ইউনিয়ন পর্যায়ে দোয়া এবং শুক্রবার বাদ আছর নগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।











































