ঢাকা
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২২ জনের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক (পিপি) মো. হাফিজুর রহমান জানান, দুদকের করা এই দুই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত রয়েছে।
তিনি আরও জানান, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুটি প্লট বরাদ্দ অনিয়মের কারণে দুদকের দায়ের করা এই দুটি মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ১৩ জানুয়ারি। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়। অন্যদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ১৮ জানুয়ারি। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।
প্রত্যেক মামলায় ১৮ জন আসামি। এর মধ্যে ১৪ জন দুটি মামলারই আসামি। প্রত্যেক মামলায় চারজন ভিন্ন ভিন্ন আসামি। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে এ দুটি মামলা দায়ের করে দুদক।
গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতির দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। গত ২৫ মার্চ ছয় মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরাসহ ২৮ জন আসামি।
ইতিমধ্যে চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। চারটি মামলার রায়ে শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।











































